পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৫ এপ্রিল : দ্বিতীয় দফার বিধানসভার ভোটের ৪ দিন আগেই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মোয়ইল গ্রামের মাঠের মাঝে এক নির্মান শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম শ্যামল মন্ডল(৫২) । মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্যামলের গায়ে গরম জল ঢেলে নৃশংসভাবে খুন করার পর মাঠের মধ্যে দেহটি ফেলে রেখে গেছে ঘাতকরা ।
জানা গেছে,পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালিকাতলা-১ গ্রাম পঞ্চায়েতের মোয়ইল গ্রামের বাসিন্দা মৃত শ্যামল মন্ডল পেশায় নির্মান শ্রমিক ছিলেন৷ কর্মিসূত্রে তিনি উত্তরবঙ্গের শিলিগুড়িতে থাকতেন। বাড়িতে রয়েছেন স্ত্রী ও সন্তানরা ৷ ভোট দেওয়ার জন্য তিনি বাড়ি ফিরেছিলেন । মৃতের স্ত্রী সুরজ মন্ডল বলেন,’আমার স্বামীর মদের নেশা ছিল । আজ সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান ৷ তারপর তিনি আর বাড়ি ফেরেননি । পরে খবর দেওয়া হয় মাঠের মাঝে আমার স্বামীর ঝলসানো লাশ পড়ে আছে । খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই ।’
জানা গেছে,মোয়ইল গ্রাম থেকে বেশ কিছুটা দূরে তিল খেত পরিচর্যার জন্য মাঠে গেলে মধ্যবয়সী এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন । ওই ব্যক্তির পরনে ছিল খয়েরি ছাপা জামা ও লুঙ্গি । কোমড়ে বাঁধা ছিল একটি গামছা । মৃতের মুখ ঝলসে কালো হয়ে গিয়েছিল । পায়ের একাংশের চামড়া উঠে গিয়ে রক্তাক্ত মাংস বেরিয়ে আসতে দেখা যায় ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ যে শ্যামল মন্ডল যেখানে মদ পান করতে গিয়েছিলেন সেখানেই কেউ বা কারা তার গায়ে গরম জল ঢেলে খুন করেছে ৷ পুরনো শত্রুতার জেরেই ওই ব্যক্তিকে এমন নির্মমভাবে খুন করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তারা । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।
