পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২২ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর বিরুদ্ধে সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করার অভিযোগ তুললো বিজেপি । আজ বুধবার এনিয়ে কালনা মহকুমা শাসকের নির্বাচনী দপ্তরে একটি লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন বিজেপির কাটোয়া জেলা সাংগঠনিক সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দেবনাথ । তিনি বলেন,’একজন সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করা যায় কিনা আমার জানা নেই । এখন বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখুন ।
অভিযোগপত্রে প্রাণকৃষ্ণ দেবনাথ জানিয়েছেন, পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী নিজের নির্বাচনী এজেন্ট করেছেন মঙ্গল হালদার নামে জনৈক এক ব্যক্তিকে । পূর্বস্থলী থানার চুপি পারুইপাড়া বাসিন্দা মঙ্গল হালদার পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণনাথ পুস্তাগারে কর্মরত বি.এস.কে, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী। একজন সরকারি বেতনভুক কর্মীকে নিজের নির্বাচনী এজেন্ট করেছেন তৃণমূল প্রার্থী নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে মনে করছেন তিনি ।
এদিন কালনা মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়ে প্রাণকৃষ্ণ তপাদার বলেন,’মঙ্গল হালদার সরকারি দপ্তর থেকে মাস মাইনের টাকা নেন। তিনি কি করে রাজনৈতিক প্রার্থীর নির্বাচনী হতে পারেন? তাই নির্বাচনে দফতরে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক ।’ অন্যদিকে এ বিষয়ে মঙ্গল বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,’আমি অস্থায়ী কর্মী। অনুদান পাই। আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনলাম। শোকজের নোটিস পেলে উপযুক্ত জবাব দেবো।’।
