পারমিতা দত্ত,নদীয়া,২৪ ফেব্রুয়ারী : পরিক্রমায় এসে নদীয়া জেলার প্রাচীনমায়াপুর এলাকায় ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন উত্তরাখণ্ডের এক ইসকন শিষ্য যুবক । মর্মান্তিক এই ঘটনাটি ঘটে প্রাচীন মায়াপুরের জগন্নাথ বাড়ি ঘাটে । পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম বিজয় জেঠি (২২) । তিনি উত্তরাখণ্ডের পিথরাগড়ের বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ । আসেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহাও । এরপর তলিয়ে যাওয়া যুবকের সন্ধানে ভাগিরথীতে বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরিদের দিয়ে তল্লাশি চালানো হয় । কিন্তু সন্ধ্যার আগে পর্যন্ত চালিয়েও ওই যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপ মন্ডল পরিক্রমার জন্য ৪ সদস্যের ইসকনের শিষ্যদের একটি দল সোমবার প্রাচীন মায়াপুরে আসেন ৷ দুপুরের দিকে দলটি প্রতাপনগরের অরবিন্দ পল্লী থেকে একটি টোটো ভাড়া করে প্রাচীন মায়াপুরের জগন্নাথ বাড়ি ঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে আসেন । টোটো চালক সুদীপ দাস বলেন,’তাদের মধ্যে একজন স্নান করে পাড়ে ওঠেন । দলের আরও দু’জন ওপাড় থেকে সাঁতরে এবারে এসে জানায় যে তাদের চতুর্থ সঙ্গী নদীতে তলিয়ে ।’ তিনি বলেন,’ওরা যদি ঠিক সময়ে তাদের সঙ্গীর তলিয়ে যাওয়ার বিষয়টি জানাত তাহলে সেই আমরা যারা ৭-৮ জন পাড়ে ছিলাম তারা সকলে মিলে বাঁচানোর চেষ্টা করতাম । কিন্তু এমন একট সময়ে ওরা বললো যে তখন আর কিছু করার নেই ।’
এদিকে বিষয়টি জানাজানি হতেই গঙ্গার ঘাটে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা । ছুটে আসেন মায়াপুর ইসকন থেকে আসা অসংখ্য ভক্ত ও একাধিক পদাধিকারীরা। তারা যুবককে জীবিত উদ্ধারের আশায় নদীর পাড়ে অধীর আগ্রহে অপেক্ষা করেন । কিন্তু সন্ধ্যার দিকে হতাশ হয়ে ফিরতে হয় তাদের ।।

