এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৯ আগস্ট : যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে বুলডোজার অভিযান অব্যাহত রয়েছে। সরকারি জমিতে নির্মিত বলে শনাক্ত করার পর কর্তৃপক্ষ উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার ডুমারিয়াগঞ্জে ৫৯ বছরের পুরোনো একটি মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । মঙ্গলবার(১৮ আগস্ট) ভোর প্রায় ৫:৩০ টায়, এসডিএম বিবেকানন্দ মিশ্রের উপস্থিতিতে একটি প্রশাসনিক দল পাঁচটি থানার প্রায় ১০০ জন পুলিশ কর্মী এবং ছয়টি বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘন্টা স্থায়ী এই অভিযানে মাদ্রাসার সাতটি ঘর, একটি দোকান এবং একটি হলের অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়।
সিদ্ধার্থনগরের ডুমারিয়াগঞ্জের পিপরা রামলাল গ্রামে ছিল “আরাবিয়া জিয়াউল উলুম” নামে ওই মাদ্রাসাটি ৷ মাদ্রাসাটি ১৯৬৮ সালে গ্রাম সভার খেলার মাঠের জন্য নির্ধারিত জমি জবরদখল করে নির্মান করা হয়েছিল বলে অভিযোগ । সেখানে ৩৫০-৪০০ পড়ুয়াকে উর্দু ও ধর্মীয় শিক্ষা দেওয়া হত ৷ মাদ্রাসাটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ একাধিক বার নোটিশ করেছিল । কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা না সরানোয় আদালতের নির্দেশে গতকাল বুলডোজার চালিয়ে ভবনটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন৷।
