এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ মে : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার তত্ত্বাবধায়কদের বিষয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে আবেদন করেছে। দলটি এই প্রক্রিয়ায় রাজ্য সরকারের কর্মচারীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।এর আগে কলকাতা হাইকোর্ট তাদের এই আবেদন খারিজ করে দিয়েছিল।
নির্বাচন কমিশন ৪ মে-র ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার (পিএসইউ) কর্মীদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তৃণমূলের সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেন যে, কমিশনের এই সিদ্ধান্তে বেআইনি কিছু নেই। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় কর্মীদের এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ বৈধ।
কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ মুহূর্তে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস । শুক্রবার এই বিষয়ে আবেদন জানানোর পর, প্রধান বিচারপতি সূর্যকান্ত শনিবারই এই মামলার জরুরি শুনানির নির্দেশ দিয়েছেন।শনিবার জরুরি শুনানির সময় সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী পর্যবেক্ষণ দেয় এবং নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।।
