এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ জুন : ফের বাংলাদেশি অনুপ্রবেশকারীর কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ মঙ্গলবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন,’এর আগে হাকিমপুর সীমান্ত দিয়ে অনেকে ফিরে গেছে। এখনো যারা পালাতে চান তারা পালিয়ে যান ।’ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের সরাসরি সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ‘আয়রন হ্যান্ড’ নীতি বজায় থাকবে সরকারের । মুখ্যমন্ত্রী বলেন,’এর মধ্যেই ওপারে পাঠানো শুরু করেছি। কোনো জেল বা সাজা নয়, সোজা ডিপোর্ট করে দেব।’ সেই সাথে তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি এনিয়ে প্রশ্ন তুললে ‘কড়া পদক্ষেপ’ নেওয়া হবে বলে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী । তিনি জানিয়ে দেন,বিরোধী দল বা কেউ যদি এই নীতি নিয়ে আঙুল তোলে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
“ডিপোর্ট” করা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই ১০ হাজার অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্তে ‘পুশব্যাক’ করা হয়েছে এবং রাজ্যের ১২টি হোল্ডিং সেন্টারে আরও ১৮০০ জন অপেক্ষারত রয়েছে। যারা সিএএ (CAA)-এর আওতার বাইরে, তাদের প্রত্যেককেই রাজ্য থেকে বহিষ্কার করা হবে৷’ তিনি বলেন,’রাজ্যের সম্পদ কেবলমাত্র ভারতীয়দের প্রাপ্য । অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধ ভাতা বা বেকার ভাতার টাকা কোনো অনুপ্রবেশকারীকে নিতে দেওয়া হবে না।’
পাশাপাশি এদেশীয় নাগরিকদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন,’যাঁরা প্রকৃত ভারতবাসী, তাঁরা সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোন না কেন, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। তাঁরা সত্যিকারের দেশভক্ত হলে নিশ্চিন্তে থাকতে পারেন ।’।
