এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ জুন : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা সফরের আগেই তৃণমূল পরিচালিত চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে টাঙানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি । যা ঘিরে তৃণমূলে ভাঙনের জল্পনা শুরু হয়েছে । পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার শুধু নিজের ঘরে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়েই ক্ষান্ত হননি, তার মুখে শোনা গেল রাজ্য সরকারের কাজের ভুয়সী প্রশংসা । দীর্ঘ দেড় দশক পর চাঁচল পুরসভার ফাইল খোলা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান । পাশাপাশি তিনি চাঁচল মহকুমায় বাস স্ট্যান্ড নির্মান ও নিকাশি সমস্যা সুরাহা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান৷
যদিও এতদিন যে ঘরে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি শোভা পেত,সেখানে নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি লাগানোয় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন,’দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি নেওয়ায় তৃণমূল নেতাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে । সেই কারনেই এই ভোলবদল ।’ যদিও অঙ্কুর পোদ্দারের কথায়,’মুখ্যমন্ত্রী কোন দলের নয় মুখ্যমন্ত্রী সকলের। তাই ছবি লাগিয়েছি ।’।
