এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই জোরদার হল মালদার ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া । বিএসএফ-কে জমি হস্তান্তর নিয়ে আজ বৃহস্পতিবার মালদা জেলা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হল । মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুরের ডাকে এই বৈঠকে মালদার জেলা শাসক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আধিকারিকেরা এবং বিএসএফের আধিকারিকেরা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত, মালদার বৈষ্ণবনগর থেকে বামনগোলা পর্যন্ত ১৭১ কিলোমিটার ভারত – বাংলাদেশ সীমান্ত রয়েছে । যার মধ্যে ৩৭ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতারের বেড়াহীন অবস্থায় রয়েছে । মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে বারবার বিএসএফের এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জমি দেওয়ায় জন্য জন্য আবেদন করা হয় । কিন্তু মমতা ব্যানার্জি সেই আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ।
বর্তমানে রাজ্যের শাসন ক্ষমতা বিজেপির হাতে । আর মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী প্রথমেই বিএসএফ-কে জমি হস্তান্তরের নির্দেশ দেন । এজন্য তিনি ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন । আর নতুন সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিমবঙ্গে ভারত- বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে কাঁটাতারেত বেড়ার হন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া জোরদার হয়েছে ।।
