প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ মে : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে নজর কাড়ল বর্ধমানের তেলমারুই পাড়ার বাসিন্দা সৌম্য রায়। সে ৪৯৪ নম্বর পেয়ে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে। বর্তমানে সৌম্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। সৌম্যর এই সাফল্যে খুশি পরিবার পরিজন ও এলাকাার বাসিন্দারা।
কৃতী ছাত্র সৌম্য রায়ের বাবা শ্যামল রায় স্বল্প সঞ্চয় প্রকল্পের এজেন্ট হিসেবে কাজ করেন। মা পার্বতী রায় সাধারণ গৃহবধূ। সৌম্যর গ্রামের বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কেন্দুর গ্রামে। তার এই কৃতিত্বে তাই গ্রামের বাসিন্দারাও আনন্দে মাতোয়ারা। আগামী দিন আরও বড় সাফল্যের লক্ষ্যেই এগিয়ে যেতে চায় সৌম্য।সৌম্যর সঙ্গে কথা বলে জানা গিয়েছে,তাঁর কোনও ব্যক্তিগত টিউটর ছিল না।নিজের অধ্যবসায় এবং বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানকে সম্বল করেই সৌম্য এই সাফল্য অর্জন করেছে।
সৌম্যর বাবা শ্যামল রায় আজ বৃহস্পতিবার বলেন, মাধ্যমিক পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় আমি খুব ভেঙে পড়েছিলাম। তখন মিশনের শিক্ষকরা বলেছিলেন,কোনও কিছুতেই ভেঙে পড়তে নেই। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময় শুনি, আমাদের সৌম্য রাজ্যে তৃতীয় হয়েছে। এটা আমাদের কাছে স্বপ্নের মতো। সৌম্য ইঞ্জিনিয়ার হতে চায়। গল্পের বই পড়ার পাশাপাশি কম্পিউটার সৌম্যর প্রিয় বিষয়। শিক্ষা ব্যবস্থা দুর্নীতি মুক্ত হোক পাশাপাশি সচ্ছ ভাবে পরীক্ষা দিয়ে শিক্ষক নিয়োগ হওয়া উচিত বলে মনে করে সৌম্য।তার এই সাফল্য আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন এলাকার মানুষ।।
