এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ সেপ্টেম্বর : বামপন্থীদের ভুল ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্য কলকারখানা বন্ধ হয়ে গেছে । তৃণমূল শিল্পায়নে আগ্রহী ছিল না৷ তাদের আগ্রহ ছিল শুধু ভাতা দেওয়া আর তীব্র তোষামোদির রাজনীতি করা । বিগত কয়েক দশক ধরে বাংলার মানুষ ভুগছে । এই অবস্থা থেকে রাজ্যকে উদ্ধার করার জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির কাছে কাতর আবেদন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
আজ বৃহস্পতিবার কলকাতার নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভূমিপুজো ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । অনুষ্ঠানে গৌতম আদানির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী প্রীতি আদানি এবং পুত্র করণ আদানি। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’প্লিজ গৌতম আদানিজি, প্লিজ আমায় সাহায্য করুন,আমাদের সরকারকে সাহায্য করুন । বাংলা খুব ভুগছে । বামপন্থীদের সময়ে ৫৪ টি ছোট-মাঝারি- বড় কারখানা বন্ধ করে হয়ে গেছে তাদের ভুল ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্য । শেষ পনেরো বছরে বিগত সরকার শিল্পায়ন বিকাশে আগ্রহী ছিল না। তাদের শুধু আগ্রহ ছিল ভাতা বিতরণ এবং তীব্র তোষামোদি রাজনীতি৷ এখন সব অতীত । পশ্চিমবঙ্গের মানুষ বিশাল জনসমর্থন দিয়েছে আমাদের । আদানিজি, বাংলাকে খাড়া করার জন্য আপনি আসুন ।’
উল্লেখ্য,নিউটাউনে প্রায় ৫২ একর জমির ওপর গড়ে উঠতে চলা ২ হাজার শয্যার এই ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের জন্য ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। তারপরেও ২০৩৫ সালের মধ্যে রাজ্যের পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে মোট ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি । রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার পর এটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগের আশ্বাস। গৌতম আদানি নিজেও জানান যে এরাজ্যে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে মেধা, সবকিছুই আছে । রাজ্যের বিজেপি সরকারের এই উন্নয়নের কর্মযজ্ঞে তিনিও অংশ নেবেন বলে জানিয়েছেন ।।

