এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ মে : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি । কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী কে ? এই জল্পনার এখনো নিরসন করেনি গেরুয়া শিবির । হাওয়ায় ভাসছে কয়েকটি নাম । তবে যাকে নিয়ে সবচেয়ে বেশি জল্পনা চলছে,তিনি হলেন শুভেন্দু অধিকারী । ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ১৫ হাজারের অধিক ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারীকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকার শীর্ষে রাখা হয়েছে । এদিকে বিজেপির প্রতীক দেওয়া একটা আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ওই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে :
“ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ
আমন্ত্রণ
সদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে
শ্রী শুভেন্দু অধিকারী
মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ
শপথ গ্রহণ অনুষ্ঠান
এই পবিত্র ও গৌরবময় অনুষ্ঠানে আপনার সম্বেহ উপস্থিতি আমাদের জন্য সম্মানের।
তারিখ: 09-05-2026 (শনিবার)
সময় বিকেল 4.00টা
স্থান: ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতা 700001, পশ্চিমবঙ্গ
আপনার আগমনে অনুষ্ঠান আরো গৌরবান্বিত হবে
বিনীত
ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ
সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা”
তবে এই ধরনের কোনো আমন্ত্রণপত্র বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়নি । তাই বিজেপির প্রতীক দেওয়া ওই আমন্ত্রণপত্রের উৎস স্পষ্ট নয় । বিভিন্ন সংবাদমাধ্যমে ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা বলা হলেও রাজ্য বিজেপির তরফে এই বিষয়ে অফিসিয়ালি বিবৃতি সামনে আসেনি৷ পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে শমীক ভট্টাচার্য, ঘোষ,উৎপল ব্রহ্মচারী,স্বপন দাশগুপ্তের নামও হাওয়ায় ভাসছে । বলা হচ্ছে যে :
১. মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের গড় ভবানীপুরে হারানো এবং একইসঙ্গে নন্দীগ্রামের দখল রাখা জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে দলের সবচেয়ে শক্তিশালী মুখ করে তুলেছে। তৃণমূল নেত্রীকে সরাসরি পরাজয়ের স্বাদ দেওয়ার পুরস্কার হিসেবে তাঁর নামই মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাঁর সাংগঠনিক দক্ষতা ও লড়াকু ভাবমূর্তি প্লাস পয়েন্ট হতে পারে।
২. সংগঠনের রূপকার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দলের পুরোনো ও নবাগত কর্মীদের মধ্যে ভারসাম্য রক্ষা করার কারিগর মনে করা হয় শমীক ভট্টাচার্যকে। তাঁর মার্জিত ভাষা এবং বিতর্কহীন ভাবমূর্তি দলের কেন্দ্রীয় নেতৃত্বের বেশ পছন্দের।
৩. সঙ্ঘের আস্থাভাজন কালিয়াগঞ্জ থেকে রেকর্ড ভোটে জয়ী উৎপল ব্রহ্মচারী ওরফে ‘উৎপল মহারাজ’ এই তালিকার অন্যতম চমক। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। রাজনৈতিক মহলের মতে, সঙ্ঘ যদি বড় কোনো ভূমিকা পালন করে, তবে উৎপল মহারাজের পাল্লা ভারী হতে পারে।
৪. বুদ্ধিজীবী মুখ দলের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে স্বপন দাশগুপ্তের ভূমিকার জন্য তার নামও উঠে আসছে । বলা হচ্ছে যে তাঁর জাতীয় স্তরের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বুদ্ধিজীবী ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সরকার পরিচালনার কথা ভাবতে পারে বিজেপি।
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের আগেই স্পষ্ট করেছিলেন যে, বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনো ভূমিপুত্র। তিনি আরও যোগ করেন, এমন একজন মুখ্যমন্ত্রী হবেন যার প্রশাসন পরিচালনার দক্ষতা আছে । সেই হিসাবে সবার শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারীই । কারন তিনি মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন । তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও শুভেন্দু অধিকারীই যে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এটা প্রায় নিশ্চিত৷।
