প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ অক্টোবর : শতাধিকবার বার রক্তদান করা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকূমার কেতুগ্রামের তরুন শেখকে সন্মাননা প্রদানের পাশাপাশি বিশেষ ভাবে পুরস্কৃত করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শ্বারদ্বত মুখোপাধ্যায় । পেশায় রাস্তা নির্মাণের মিস্ত্রি তরুন শেখ এযাবৎ ১০২ বার রক্ত দান করে নজির সৃষ্টি করেছেন । পুরষ্কৃত হয়ে উচ্ছ্বসিত তরুন সেখ মানুষের প্রাণ বাঁচাতে আরও রক্তদান করার অঙ্গীকার করেছেন ।
তরুণ শেখ জানিয়েছেন, প্রথমবার তিনি যখন রক্ত দান করেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। ওই সময় তাঁর সঙ্গে কাজ করা এক শ্রমিক দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক জখম হয়েছিলেন।তাঁকে বাঁচানোর জন্য তখন রক্তের প্রয়োজন হয়ে পড়ে। ওই সময় কোন কিছু না ভেবে সহকর্মীর জীবন বাঁচাতে তিনি দ্রুত হাসপাতালে পৌছে রক্ত দান করেন। সেইদিন তাঁর দান করা রক্তে জীবন বেঁচে যায় সহকর্মীর।এই ঘটনাই রক্ত দান করার ব্যাপারে তাঁকে অনুপ্রাণিত করে।যেহেতু তাঁর দান করা রক্তে
সেদিন একজন মানুষের জীবন বাঁচে যায়,তাই আরো বহু মানুষের প্রাণ বাঁচানোর জন্য নিয়ম মেনে রক্ত দান করার সিদ্ধান্ত তিনি নিয়ে নেন। সেই সিদ্ধান্তে আজও অবিচল রয়েছেন বলে তরুণ শেখ জানিয়েছেন।
রক্তদান করেই শুধু খান্ত থাকেন না তরুণ শেখ। রক্ত দানে সবাইকে উদ্বুদ্ধ করতে তিনি প্রচারও চালান।’রক্তদান মহৎ দান,একজনের দেওয়া রক্তে বেঁচে যেতে পারে অন্য আর একজনের প্রাণ’-এই বার্তা সমাজের মানুষের কাছে পৌঁছে দিয়ে তিনি বছরের পর বছর ধরে রক্তদান করে যাচ্ছেন। তাঁর ইতিমধেই ১০২ বার রক্ত দান করা হয়ে গিয়েছে।
অতি সম্প্রতি কলকাতার স্বাস্থ্যভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ডাক পান ১০২ বার রক্তদান করে ফেলা তরুণ শেখ।সেই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় সন্মাননা প্রদানের পাশাপাশি তরুণ শেখ-কে পুরস্কৃত করেন। স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে সন্মাননা পেয়ে আপ্লুত তরুণ শেখ বলেন,’রক্ত দান করে যাওয়ার জন্য এমন সন্মান পাবো তা কোনদিন ভাবতে পারিনি।স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে পুরস্কার লাভ,রক্ত দান করার বিষয়ে আমাকে আরো বেশী অনুপ্রাণিত করেছে।’।

