এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৯ অক্টোবর : ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার নাগরিক বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন শক্তিশালী করা এবং যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন । ৮৫ বছর বয়সী এই নারী, যিনি দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত এক পরিবারে জন্মগ্রহণ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক আদালতে দায়িত্ব পালন করেছেন। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। তাদের মধ্য থেকে নাভি পিল্লাইকে নির্বাচিত করা হয়।
আন্তর্জাতিক আইনের মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে তার দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেছে নরওয়েজীয় নোবেল কমিটি। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজীয় নোবেল কমিটি এই পুরস্কারের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
১৯৬৩ সালে নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার নাটাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ১৯৬৫ সালে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করেন। সেখান থেকে ১৯৮২ সালে আইনে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৮৮ সালে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। নাভি পিল্লাই প্রথম দক্ষিণ আফ্রিকান, যিনি হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। নোবেল কমিটির বক্তব্য, অসাধারণ সাহস ও সততার সঙ্গে নাভি পিল্লাই বিশ্বজুড়ে আরও কার্যকর আন্তর্জাতিক আইনব্যবস্থা প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভারতীয় তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার ডারবানে বর্ণবাদী শাসনকালে জন্মগ্রহণ করেন। জীবনের শুরু থেকেই তিনি বর্ণবৈষম্য, বিচ্ছিন্নতা ও সামাজিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছেন। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে তিনি দক্ষিণ আফ্রিকার বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাসহ অন্যদের পক্ষে আইনি লড়াইও করেছেন তিনি।পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালত, রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নাভি পিল্লাই। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন। সম্প্রতি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
পিল্লাই জাতিসংঘের একটি কমিশনের সভাপতিত্ব করেছিলেন, যেটি একটি প্রতিবেদন তৈরি করে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক মনোযোগ ও বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমানে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আন্তর্জাতিক বিচারব্যবস্থায় নাভি পিল্লাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো যৌন হিংসাকে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা। রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ধর্ষণ ও যৌন হিংসা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অংশ হতে পারে—এমন আইনি স্বীকৃতি প্রতিষ্ঠায় তার প্রভাব ছিল গুরুত্বপূর্ণ। একই মামলায় প্রচার-প্রচারণার মাধ্যমে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগেও একজন আসামির বিচার হয়। এ ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল।নোবেল কমিটি বলেছে, আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধ ও হিংসা প্রতিরোধ করা সম্ভব—নাভি পিল্লাইয়ের কর্মজীবনে তার প্রমাণ পাওয়া যায় । রাষ্ট্র ও রাষ্ট্রনেতাদের জবাবদিহির আওতায় আনা এবং হিংসা ও সংঘাতের শিকার ব্যক্তিদের ন্যায়বিচারের আশা জোগাতে তিনি কাজ করেছেন। তার স্বাধীনতা, দক্ষতা ও দৃঢ় অবস্থান তাকে আন্তর্জাতিক অঙ্গনের সম্মানিত আইনজ্ঞদের একজন করে তুলেছে।।

