এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : মোহনদাস করমচাঁদ গান্ধী হলেন ভারতীয় রাজনীতির অন্যতম এক ব্যক্তিত্ব । যাকে অলিখিতভাবে ‘জাতির জনক’ ঘোষণা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস । আর সেই গান্ধীর মুর্তির চরম অমর্যাদা করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । কাটোয়া শহরের স্টেশনবাজার চৌরাস্তায় প্রতিষ্ঠা করা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তির মুখ কেউ বা কারা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে গেছে । মুর্তির ডান হাতের ডান্ডায় জড়িয়ে দেওয়া হয়েছে নোংরা কাপড় । আজ বুধবার সকালে এই দৃশ্য নজরে পড়তেই গান্ধীবাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় । তারা ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন । কাটোয়া থানার পুলিশ সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,কাটোয়া শহরের স্টেশন বাজার চৌরাস্তার মোড়ে রয়েছে গান্ধীর ওই পূর্ণাবয়ব মূর্তিটি ।১৯৯৮ সালে দেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী বর্ষে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পুরসভার উদ্যোগে এই মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছিল । গান্ধীর ডান্ডি অভিযানের আদলে নির্মিত এই মূর্তি। মুর্তি প্রতিষ্ঠার পর থেকেই মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়ে থাকে।
জানা গেছে,আজ সকালে মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা অবস্থায় দেখেন স্থানীয় বাসিন্দারা । মূর্তির হাতে ধরা লাঠিতে জড়িয়ে দেওয়া হয় নোংরা কাপড় ।গান্ধীর মূর্তির অবমাননার এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দায় সরব হয়েছেন নাগরিক সমাজ । খবর পেয়েই সকালে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের একাংশের মতে, মোহনদাস করমচাঁদ গান্ধী সম্পর্কে যুবসমাজের মধ্যে নেতিবাচক ধারনার কারনেই এই ঘটনা ঘটে থাকতে পারে ।।
