এইদিন বিনোদন ডেস্ক,২২ অক্টোবর : এবারের দুর্গাপূজায় বাংলাদেশের মুসলিম মহিলাদের মধ্যে নজর কাড়া উন্মাদনা লক্ষ্য করা গেল । মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে অনেক মুসলিম মেয়েকে পূজো মণ্ডপে আনন্দ করতে দেখা গেছে । তাদের মধ্যে কেউ কেউ মিডিয়ার ক্যামেরার সামনে মন্তব্য করেন, ‘দুর্গাপূজা আমার ভালো লাগে ।’ কেউ কেউ দুর্গাপূজার আগে আগাম প্রস্তুতি নেওয়ার কথাও জানান । বুধবার বিজয়া দশমীর দিনেও তাদের সেই উন্মাদনা অব্যাহত ছিল। অনেকে পূজামণ্ডপে মাতলেন সিঁদূর খেলায় । আর তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।
দুর্গা মায়ের বিদায়ের এই দিনে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন মেহের আফরোজ । ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে অন্যদের সঙ্গে ভাগ করে নেন শারদীয় উৎসবের আনন্দ।
বুধবার (২১ অক্টোবর) সকালে দশমীর পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই সময় কাটাতে দেখা যায় শাওনকে। উৎসবে অংশ নেওয়ার কারণ জানিয়ে শাওন বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’
সিঁদুর খেলার সময় একে অপরের গালে কপালে সিঁদুর লাগিয়ে আনন্দ ভাগাভাগি করেন সকলে । তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গার বিদায়ের বিষাদও ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের আয়োজন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হয় ।
তবে আইনজীবী চৈতালি রায় জানিয়েছেন যে, এবারে হিন্দুরা ভয়ে ভয়ে দুর্গাপূজার অনুষ্ঠান করেছে৷ তিনি বলেন,’শেখ হাসিনার আমলে নির্ভয়ে মণ্ডপে ঘুরেছি, এবার সেই আস্থা পাইনি ।’।

