এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ মে : কোনো ভাবেই ভোট পরবর্তী হিংসা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ৷ বিজেপি বিধায়করা এনিয়ে নিজেদের নির্বাচনী এলাকায় রীতিমতো প্রচারও শুরু করে দিয়েছেন ৷ এবারে দলীয় কর্মীদের দ্বারা তৃণমূল কার্যালয়ে লাগানো পদ্মফুল পতাকা নিজের হাতে খুলে দিয়ে জোড়াফুলের পতাকা লাগিয়ে দিয়ে নজর কাড়লেন মালদা জেলার গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণ ।
জানা গেছে, গাজোল-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিমারি বাজারে মঙ্গলবার বিজয় মিছিল বের করেছিল বিজেপি । ওই বাজারেই রয়েছে তৃণমুলের একটি কার্যালয় । বিজেপি কর্মীরা বন্ধ কার্যালয়ের সামনে তৃণমূলের পতাকা খুলে তাদের দলীয় পতাকা লাগিয়ে দিয়ে আসে । আজ বুধবার ঘটনার কথা কানে যেতেই ঘটনাস্থলে ছুটে আসেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণ । তিনি বিজেপির পতাকাগুলিকে খুলে নিজের হাতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেন।
চিন্ময় দেব বর্মণ বলেন,’কোন রকম ভাবেই কোন তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা ওড়ানো যাবে না । তৃণমূলের পার্টি অফিস তৃণমূলেরই থাকবে । আমাদের কর্মী যদি করে থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে তৃণমূল কর্মীদের কাছে ক্ষমাপ্রার্থী ।’।
প্রসঙ্গত,গত ৪ মে ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যায় । কোথাও তৃণমূল পার্টি অফিস দখল, কোথাও তৃণমূল পার্টি অফিসের ভাঙচুর করে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে । এরপরই হিংসায় লাগাম টানতে উদ্যোগী হয় বিজেপির রাজ্য নেতৃত্ব । শমীক ভট্টাচার্য এমনকি হিংসায় অংশ নেওয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন । আজও নবান্নে সাংবাদিক বৈঠক করে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের দলের কর্মী যদি কেউ এই কাজ করে থাকে তাহলে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে ।’ তবে তিনি এটা অভিযোগ করেছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলের লোকজন গেরুয়া আবির মেখে এবং হাতে বিজেপির পতাকা নিয়ে এই সমস্ত হিংসার ঘটনা ঘটাচ্ছে । ফের তিনি রাজ্য পুলিশকে নির্দেশ দেন তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় ।।
