এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৭ আগস্ট : বীরভূমের অন্যতম জনপ্রিয় তীর্থকেন্দ্র তারাপীঠে আজ সোমবার ভোররাতে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন একধিক আবাসিক তীর্থ যাত্রী । তাদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
জানা গেছে,তারাপীঠ থানার পাশে “বিদেশিনী” নামে ওই বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আজ ভোর সাড়ে ৪ টে নাগাদ হোটেলের গ্রাউন্ড ফ্লোর থেকে আগুনের সূত্রপাত । নিমেষের মধ্যে গোটা হোটেলকে গ্রাস করে আগুন ও কালো ধোঁয়া ।অধিকাংশ আবাসিক তখন ঘুমিয়ে ছিলেন । খবর পেয়ে পৌঁছয় তারাপীঠ রামপুরহাট থানার পুলিশ ও দমকলবাহিনী । দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের চিকিৎসার জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে অনুমান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷ ঘটনার কারন ও হতাহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।।
