এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার তিন দুষ্কৃতীকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদের পর তাদের দেখানো জায়গা থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । ধৃত তিন দুষ্কৃতীকে আরমান শেখ, মহিবুল শেখ এবং কোবির শেখ নামে চিহ্নিত করেছে পুলিশ । তাদের বাড়ি কাটোয়া থানার গাঙ্গুলিডাঙ্গা এলাকায় । ওই তিন দুষ্কৃতীর দেখানো জায়গায় মাটি খুঁড়ে একটি চাইনিজ পিস্তল, দুটি পাইপগান, দুটি .৩১৫ বোর ম্যাগাজিন রাইফেল এবং ২৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয় ।
জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত থেকে সোমবার দিনভর কাটোয়া থানার গাঙ্গুলিডাঙ্গা এলাকায় তল্লাশি অভিযান শুরু এসটিএফ । বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের ধারে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করে পুলিশ বাহিনী । সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমেই গাঙ্গুলিডাঙ্গা গ্রাম থেকে আরমান শেখ, মহিবুল শেখ এবং কোবির শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । ধৃতদের ম্যারাথন জেরা শুরু হয় । শেষে তারা ভেঙে পড়ে এবং কবুল করে যে গ্রামের এক জায়গায় তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পুঁতে রেখেছে । এরপর তাদের দেখানো জায়গায় গিয়ে পুলিশ মাটি খুঁড়তেই বেরিয়ে আসে অস্ত্রভান্ডার ।
সোমবার দিনভর অভিযান ও জিজ্ঞাসাবাদের পর ধৃত তিনজনকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এসটিএফ। গোটা ঘটনার পেছনে কোনও বৃহত্তর অপরাধচক্র বা আন্তঃজেলা অস্ত্র পাচার চক্র জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা । উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে এসটিএফ ।।
