এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : আজ শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারের উপর হামলার অভিযোগ উঠেছে । যদিও তার আঘাত ততটা গুরুতর নয় বলে জানা গেছে । এই ঘটনায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে প্রতিক্রিয়ায় শাসকদল বিজেপিকে নিশানা করা হয়েছে৷ যদিও বিজেপির দাবি, শান্তনু কোঁয়ারের আঘাত ততটা গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । উনি নাটক করছেন ।
ভাতার থানার হাটকানপুর গ্রামে বাড়ি শান্তনু কোঁয়ারের৷ তিনি অভিষেক ব্যানার্জির অনুগামী বলে পরিচিত । ২০২৬ সালের বিধানসভার ভোটে ভাতার বিধানসভা আসনে তাঁকে প্রার্থী করেছিল দল । অভিযোগ, আজ শনিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে চড়াও হয় বেশকিছু লোকজন। তারা শান্তনুকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে বের করে বেধড়ক মারধর করে ৷ সেই সময় কেউ মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শান্তনু । এরপর হামলাকারীরা পালিয়ে গেলে তৃণমূল নেতার আত্মীয় স্বজনরা তাকে প্রথমে তাকে ভাতার হাসপাতালের নিয়ে যায় । পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সূত্রের খবর, বর্ধমানে যাওয়ার পর শান্তনুর সিটি স্ক্যান করানো হয় । তবে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানা গেছে ।
তবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে শান্তনুর ছবি পোস্ট করে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে । পোস্টে লেখা হয়েছে, ‘বিজেপি পশ্চিমবঙ্গ, তোমরা আর কতটা নিচে নামবে?আমাদের ভাতারের প্রার্থীর উপর আক্রমণ করে তোমরা আবারও রাজনৈতিক হিংসা ও ভীতি প্রদর্শনের কুৎসিত রূপটি উন্মোচন করেছ।এভাবেই কি তোমরা বাংলার মানুষের আস্থা অর্জন করতে চাও? হুমকি, আক্রমণ আর পাশবিক শক্তির মাধ্যমে? তোমাদের মরিয়া ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু আমাদের সংকল্প অটুট!’
অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে ভাতার বিধানসভার বিজেপির কনভেনর সুব্রত গোস্বামী একটা ভিডিও বার্তা জারি করেছেন৷ ভিডিওতে তিনি বলেছেন,’কোনারবাবুর নাটক দেখে ঘাবড়ানোর কিছু নেই । ওনাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এবং যথারীতি সিটি স্ক্যান হয় । সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে কোনরকম গুরুতর চোট বা কোন কিছুই নেই । যার কারনে ওনাকে হাসপাতালে ভর্তি ও নেওয়া হয়নি এবং প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয় । এই তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের ।’।

