এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৭ নভেম্বর : নদীয়ায় বাংলাদেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের গুলিতে জখম হয়েছে একজন বাংলাদেশি পাচারকারী। জানা গেছে, মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের কাছে বিএসএফ গুলি করে আটক করার পর তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ।
জানা গেছে, গত কাল সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে ৫ থেকে ৭ জন বাংলাদেশি পাচারকারী ভারতে ঢোকার চেষ্টা করে । বিএসএফ তাদের সতর্ক করে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেয় । কিন্তু পাচারকারীরা জোর করে ঢোকার চেষ্টা করে । তখন বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় । বাকিরা নিজেদের দেশের ভূখণ্ডে পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয় একজন । বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুলিবিদ্ধ ওই পাচারকারীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হরিহর নগর গ্রামের লিয়াকত আলীর ছেলে মনিরুল ইসলাম নামে চিহ্নিত করেছে । এদিকে এই ঘটনায় বিজিবি বিএসএফের সঙ্গে একটি ফ্ল্যাগ মিটিং ডেকেছে বলে জানা গেছে ।।

