এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ এপ্রিল : আজ দ্বিতীয় দফার বিধানসভার ভোটে ৮ টি জেলার ১৪২ টি আসনে ভোটগ্রহণ চলছে । নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬১.১১%৷ তার মধ্যে যে কেন্দ্রটির দিকে সকলের নজর,সেই কলকাতার ভবানীপুরে ভোট পড়েছে ৫৮.৫৩% । সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । কিন্তু তিনি ভবানীপুরের ২১৭ নম্বর ও ২১৮ নম্বর বুথের সামনে আসতেই তৃণমূলের লোকজন “জয় বাংলা” শ্লোগান দেয় । আর এরপরেই ক্ষিপ্ত হয়ে তাদের পিছু ধাওয়া করেন শুভেন্দু৷ তিনি বলেন,’আমি সাতটা বুথ ঘুরেছি । কোথাও কোনো সমস্যা হয়নি । জয় হিন্দ ভবনে দুটো বুথ আছে। ওখানে ওদের পার্টি অফিসও আছে শুনেছি, নন অফিসিয়ালি৷ কিছু বাংলাদেশের মুসলমানকে ওখানে এনে রেখেছে৷ যাদের নাম ভোটার লিস্টে নেই ডিলিট হয়ে গেছে। উসকাচ্ছিল, আমিও ধৈর্য ধরে অ্যালাউ করছিলাম । ১০ মিনিট, ১৫ মিনিট । তারপরে তাড়া করে কালীঘাটের নালাতে ফেলে দিয়ে এসেছি ।’
তবে বাকি কেন্দ্রগুলিতে ভোটদানের হার বেশি হলেও ভবানীপুরে অনেকটা কম । কিন্তু তুলনামূলক ভাবে কম ভোটদান হলেও বিষয়টি তেমন আমল দিতে চাননি বিজেপি প্রার্থী । তিনি এই ভোটদানের হারকে ‘পরিবর্তনের পক্ষে ভোট’ বলে মনে করছেন । শুভেন্দু অধিকারী বলেছেন,’শহরে কখনো ৫০-৫৫% এর বেশি ভোট পড়ে না৷ তৃণমূলের পরাজয় নিশ্চিত ।’ তিনি এও দাবি করেছেন যে ভবানীপুরে তিনি তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জিকে অন্তত ৩০ হাজার ভোটে হারাবেন ।।
