এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৯ অক্টোবর : “কমিউনিস্ট-আরশোলা-ছারপোকা, যাদের বাপ ঠাকুরদা চীনে থাকে” তাদের থেকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ মহাষ্টমীর দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজের ক্লাবে পুজো দিতে আসেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি পুষ্পাঞ্জলিও দিয়েছেন । পরে তিনি মন্ডপের বাইরে এলে সাংবাদিকরা তাকে এত ব্যস্ততার মাঝেও দেবীকে পূজো দিতে আসার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি প্রতিবছর পূজো করি । আমি কমিউনিস্ট নই । আমি নাস্তিকও নই । আর আমি জামাতিও নই । আমি হিন্দু বাড়ির ছেলে, প্রত্যেক বছর পুজো করি । আমার বয়স এখন ৫৬ বছর। আমি এটা ৫০ বছর ধরে করছি । এটা সনাতন হিসেবে আমার কর্তব্য । এটা আস্থার বিষয় । ব্যক্তিগত বিষয় । এটার সঙ্গে মুখ্যমন্ত্রী বা পদের সঙ্গে কোন সম্পর্ক নেই ।’
বামপন্থীদের নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছেন,’যারা লেকচার মারছে… কমিউনিস্টরা, তারা এসব করে না। পুষ্পাঞ্জলি দেয় না । চরণামৃত খায় না। হাতে ডোর লাগায় না । কপালে টিকা লাগায় না । এদের থেকে সাবধানে থাকবেন। আরশোলা -ছারপোকা প্রভৃতি যাদের বাপ ঠাকুরদা চিনে থাকে তাদের থেকে খুব সাবধানে থাকবেন। বাংলাদেশের মতো গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে। খুব সাবধানে থাকবেন । এদেরকে যেকোনোভাবে প্রতিহত করতে হবে ।’
প্রসঙ্গত,এবারে শারদোৎসব শুরুর আগে শুভেন্দু অধিকারী বামপন্থীদের সতর্ক করে দিয়ে জানান যে, দুর্গাপূজা উপলক্ষে বুক স্টলে শারদোৎসবের পরিবর্তে দুর্গাপূজা লিখতে হবে । স্টলে হিন্দু বিরোধী বা দেশ বিরোধী কোনো বই রাখা চলবে না । কিন্তু মুখ্যমন্ত্রীর ওই নিষেধের তোয়াক্কা না করে বুক স্টল বসানোর অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে । যেকারণে রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএম ও এস ইউসি আই-এর বুক স্টলে ভাঙচুরের খবর আসছে ।।
