এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৯ জুলাই : বর্ধমানের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনায় ধৃতদের নিয়ে আজ বুধবার ঘটনার পুননির্মান করল পুলিশ । ধৃত আলমগীর সর্দার ও মনিরুল মন্ডল পুলিশ ও মিডিয়ার ক্যামেরার সামনে অভিনয় করে দেখায় কিভাবে তারা লোহার রড দিয়ে মন্দিরের মূল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে এবং একাধিক দানবাক্স ভেঙে লুটপাট চালায় ।
চুরির ঘটনাটি ঘটে গত ১৪ জুলাই রাতে । পরের দিন দেবীর নিত্যসেবার পূজো করতে এসে চুরির বিষয়টি নজরে পরে সেবাইতদের৷ তারা দেখেন মন্দিরের মূল গেটের তালা ভাঙা এবং একাধিক দানবাক্সের তালা ভেঙে টাকাপয়সা লুটপাট চালানো হয়েছে ৷একই সঙ্গে মন্দির চত্বরে থাকা আরও একটি শিব মন্দির থেকে কিছু সোনার গয়না, বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে বর্ধমান সদর থানার পুলিশ ।
জানা গেছে,মন্দিরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিশ । এরপর রবিবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর ও আমডাঙা এলাকায় অভিযান চালিয়ে যথাক্রমে মহম্মদ আলমগীর সর্দার ও মণিরুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা ১৫ হাজার টাকা । সোমবার ধৃতদের তাদের বর্ধমান আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । আজ বুধবার ধৃতদের নিয়ে ঘটনার পুননির্মান করা হয় । পুলিশ ধৃতদের জেরা করে এই চুরির ঘটনায় আর কেউ জড়িত কিনা জানার চেষ্টা করছে ।।
