এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ অক্টোবর : দিল্লির যন্তর মন্তরে ‘আরশোলা’দের বিক্ষোভে যোগ দিতে যাওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিল্লি পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে ৷ একটি ভিডিও বার্তায় মমতা অভিযোগ করেছেন, দিল্লিতে তার বাসভবনের সামনে বাসস্ট্যান্ডে হাতে একটা প্লাকার্ড নিয়ে তারা বসেছিলেন৷ সেই সময় একটা প্রিজন ভ্যান এসে তাকেসহ সাংসদ সামিরুল, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনদের প্রিজন ভ্যানে তুলে নেয়৷ তারপর ৪০ মিনিট ধরে গোটা দিল্লি তাদের ঘুরপাক খাওয়ানো হচ্ছে । তিনি এও অভিযোগ করেছেন যে,অত্যন্ত রাফ গাড়ি চালানোয় প্রচন্ড ঝাঁকুনি হচ্ছে৷
এদিকে দলনেত্রীকে স্পেশাল চারচাকা গাড়ির পরিবর্তে প্রিজন ভ্যানে তোলায় চরম ক্ষুব্ধ হয়েছেন ‘কালীঘাট তৃণমূল’-এর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ । এর প্রতিবাদ জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’দিল্লিতে প্রিজন ভ্যানে তোলা হল মমতা ব্যানার্জিকে। তীব্র বিরোধিতা করছি। যদি আটকের পরিকল্পনা থাকে, তাঁর উচ্চতার নেত্রীকে প্রিজন ভ্যানে তোলা উচিত হয়নি। বিকল্প গাড়ির ব্যবস্থা রাখা উচিত ছিল। তাছাড়া মমতা ব্যানার্জিকে ধরবেই বা কেন? তিনি কোনো আইন ভাঙেননি। দিল্লিতে
রাষ্ট্রীয় দমনপীড়ন সীমা ছাড়িয়েছে।’ শুধু তাইই নয়, ৪-৫ জনকে সঙ্গে নিয়ে উত্তর কলকাতায় বিক্ষোভ মিছিলও করেন তিনি । কুণালের অভিযোগ,মমতা ব্যানার্জিকে দিল্লি পুলিশ নাকি গ্রেপ্তার করেছে । যদিও মমতাকে গ্রেপ্তারের কোনো খবর মেলেনি ।
জানা গেছে,দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে বাসস্ট্যান্ডে দলীয় ৬ নেতানেত্রীদের সাথে নিয়ে ধর্নাপ্রদর্শন করছিলেন মমতা ব্যানার্জি । সেই সময় একটা দিল্লি পুলিশের একটা প্রিজন ভ্যান তাদের তুলে নিয়ে যায় । মমতার কথায়,’অত্যন্ত রাফ গাড়ি চালাচ্ছে । ৪০ মিনিট ধরে আমাদের গোটা দিল্লি ঘোরাচ্ছে ৷ এটা খুব দুর্ভাগ্যজনক । এভাবে গনতন্ত্র বাঁচবে না ।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘গ্রেফতার’ বলে উল্লেখ করেছে। দলটির প্রশ্ন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেফতার করা কখন থেকে গণতন্ত্রের নিয়ম হয়ে গেল? পোস্টে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে আলোচনার পরিবর্তে গ্রেফতার করা হলে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন ওঠে।
পোস্টে আরও বলা হয়, গণতন্ত্রের জন্য এটি একটি অন্ধকার দিন। গণতন্ত্র রক্ষার লড়াই কখনো থামানো উচিত নয়।’।

