এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ নভেম্বর : পরীক্ষার খাতায় পড়ুয়ার আঁকা দেবী সরস্বতীর ছবি ছেঁড়ার ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মালদায় । ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে । ঘটনাকে ঘিরেন উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর । অভিযুক্ত শিক্ষক মহম্মদ আফতাব উদ্দিনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার বাবা । অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে বলে জানা গেছে ।
জানা গেছে,বৃহস্পতিবার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে আর্ট এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা ছিল । সপ্তম শ্রেণির এক পড়ুয়া দেবী সরস্বতীর ছবি এঁকে নিয়ে যায় । পড়ুয়ার কথায়,’আফতাব উদ্দিন স্যার জিজ্ঞাস করেন : ‘এটা কি ?” আমি বলি : “বিদ্যার দেবী সরস্বতীর ছবি” । তখন স্যর ফেত জিজ্ঞেস করেন : “এতে কি হয় ?” আমি বলি : “দেবী বিদ্যা দেয়” । একথা শুনে স্যর ছবিটা মাঝ বরাবর ছিঁড়ে দেন৷’
জানা গেছে,মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে ইংরাজি,আরবি ও ইতিহাস পড়ান মহম্মদ আফতাব উদ্দিন । ইতিপূর্বেও তার বিরুদ্ধে শ্রীকৃষ্ণ, মা দুর্গা, মা কালি প্রভৃতি দেবদেবীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার মা সরস্বতীর ছবি ছেঁড়ার কথা চাওড় হতেই স্কুলে তুমুল বিক্ষোভ দেখায় বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আলী, চাঁচল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । অবশেষে পড়ুয়ার বাবা কমল রায়ের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় । তবে হিন্দু সংগঠনগুলি অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার দাবি জানিয়েছে ।।
