এইদিন ওয়েবডেস্ক,আসাম,২৭ নভেম্বর : হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে করলে আসাম রাজ্যের করিমগঞ্জ (বর্তমানে শ্রীভূমি) জেলার পাথারকান্দির সোনাতলা গ্রামের তরুণী আয়েশা বেগম । পার্শ্ববর্তী নিলামবাজারের বাসিন্দা হিন্দু যুবক অনন্ত দাসের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু তরুনীর পরিবার ও সমাজ তাদের এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় । ঠিক সেই সময় তাদের পাশে দাঁড়ায় হিন্দু রক্ষা দল । অবশেষে আয়েশা ও অনন্তর প্রেমের সম্পর্ক পরিণতি পায় বিবাহবন্ধনে।বুধবার নিলামবাজারের বুবরীঘাট হিন্দু মিলন মন্দিরে বৈদিক রীতিনীতি মেনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। আয়েশা বেগম থেকে নতুন নাম গ্রহণ করে হলেন পূজা দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার সোনাতলা গ্রামের বাসিন্দা আয়েশা বেগমের সঙ্গে নিলামবাজার এলাকার অনন্ত দাসের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্কে গড়ায় । দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাদের । সম্প্রতি তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন । কিন্তু আয়েশার পরিবার ও সমাজ বাধা হয়ে দাঁড়ায় । হিন্দু রক্ষা দল ওই জুটির পাশে দাঁড়ালে সম্পর্ক পরিনতি পায় ।
জানা গেছে, বিয়ের আগে আয়েশা নিজের সিদ্ধান্তে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেন এবং তাঁর নতুন নাম রাখা হয় পূজা দাস। এরপর বুধবার বুবরীঘাট হিন্দু মিলন মন্দিরে ধর্মীয় আচার- অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হিন্দু রক্ষা দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্ব প্রান্তের সংগঠক সাধনানন্দজী মহারাজ। তাঁর উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় প্রথা মেনে নবদম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানে উপস্থিত শুভানুধ্যায়ীরা নবদম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানান।
আয়েশা বেগম থেকে পূজা দাস হয়ে নতুন সংসার জীবনে প্রবেশের ঘটনাটি ইতিমধ্যে স্থানীয় এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে পারস্পরিক ভালোবাসা ও সম্মতির ভিত্তিতে নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।।
