এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৭ নভেম্বর : বাংলাদেশের সংসদের স্পিকার ও শাসকদল বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন, যেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) পরিদর্শন করেছেন।
বুধবার তিনি ইসলামাবাদে সংসদ ভবন পরিদর্শনে যান, যেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ১৯৭১ সালের যুদ্ধ ও ঢাকার পতনকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করেন। এক পর্যায়ে তিনি এও বলেন যে, ১৯৭১ সালে ভারত ‘বাঙালিদের সাহায্য করার জন্য যায়নি বরং পাকিস্তানকে দুর্বল করতে গিয়েছিল।’ তিনি আরও অভিযোগ করেন যে, ভারত বিগত ১৫ বছর ধরে বাংলাদেশকে উপনিবেশের মতো ব্যবহার করে আসছে এবং দেশটি তার শক্তিশালী প্রতিবেশীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য,সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেছিলেন,’আগামী ১৬ই ডিসেম্বর বাংলাদেশকে ভারতে অন্তর্ভুক্ত করা হবে৷’ তার এই মন্তব্যের পর সৃষ্ট ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ । শুধু তাইই নয়,ঢাকা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে সাফ গেমসের ফুটবল ফাইনালে পাকিস্তানের পক্ষে ৯৯% বাংলাদেশির সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হাততালি কুড়ান । এদিকে একাত্তরের যুদ্ধে পাকিস্তানি সেনার বর্বরতা ভুলে গিয়ে বাংলাদেশের সংসদের স্পিকারের এহেন কূটনৈতিক সৌজন্য প্রদর্শন নিয়ে প্রশ্ন উঠছে ।
প্রসঙ্গত,বাংলাদেশের সংসদের স্পিকারের পাকিস্তান সফর আরও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন প্রাক্তন ক্যাপ্টেন, যিনি ১৯৭১ সালের যুদ্ধে তার বীরত্বের জন্য বাংলাদেশে সামরিক সম্মাননা লাভ করেন।এদিকে, বুধবার রাতে বাংলাদেশের স্পিকার শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেন, যে সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন যে, ‘পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।’।
