এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : আরজি করের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ-খুন মামলার তদন্তভার বর্তমানে সিবিআইয়ের হাতে । কিন্তু কোনো এক অজ্ঞাত কারনে এতবড় একটা ঘটনার তদন্ত প্রক্রিয়াকে সিবিআই দীর্ঘায়িত করছে বলে অভিযোগ উঠছে । সম্প্রতি সিবিআই গঠিত নতুন সিটের দেওয়া রিপোর্টে তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, নতুন তদন্তকারী দলটিও পূর্ববর্তী তদন্তের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারছে না । ফলে শুধু ‘অভয়া’র মা-বাবা বা সাধারণ মানুষই নন,খোদ আদালত আর সিবিআইয়ের কর্মকাণ্ডের উপর আস্থা রাখতে পারছে না । এবারে এই ঘটনায় পৃথকভাবে তদন্ত শুরু করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । একথা জানিয়েছেন খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৪ সালের ৮ অগাস্ট রাতে জরুরি বিভাগে ঘটনার আগে ও পরে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তৎকালীন সময়ে ডিউটিতে থাকা চিকিৎসক, কর্মী এবং নির্যাতিতার অধ্যাপকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করবেন দপ্তরের আধিকারিকেরা। তদন্তের সামগ্রিক নির্যাস ও রিপোর্ট পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে (CBI) হস্তান্তর করা হবে। এর পাশাপাশি, হাসপাতালের তৎকালীন পরিকাঠামোগত গাফিলতি ও পরবর্তী সময়ে গৃহীত পদক্ষেপগুলিও খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য,২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলে চিকিৎসক তরুনী ‘অভয়া’র রক্তাক্ত লাশ উদ্ধার হয় । সন্দেহ করা হয় যে তাকে গনধর্ষণের পরনৃশংস বর্বরোচিত ভাবে খুন করা হয়েছে । প্রমান লোপাটের অভিযোগ ওঠে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনা বিনীত গোয়েলের নেতৃত্বে টালা থানার পুলিশের বিরুদ্ধে । সবচেয়ে বেশি সন্দেহের আঙুল যার বিরুদ্ধে ওঠে, তিনি হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ মমতা ব্যানার্জির স্নেহধন্য সন্দীপ ঘোষ । ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে নৈশভোজ করা চার জুনিয়র ডাক্তার এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যোগসাজশ নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছে নির্যাতিতার পরিবার। আদালতের দৃষ্টি আকর্ষণ করে পরিবারের আইনজীবী অভিযোগ করেন, মূল ঘটনার নেপথ্যে থাকা একাধিক সাক্ষ্যপ্রমাণ ও সন্দিগ্ধ ব্যক্তির বয়ান নথিবদ্ধ করতে ব্যর্থ হয়েছে সিবিআই। আদালতের এই কড়া অবস্থান ও পরিবারের দীর্ঘদিনের অসন্তোষের আবহেই এবার স্বাস্থ্য দপ্তরকে দিয়ে পৃথকভাবে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার । সরকারের এই পদক্ষেপ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে ।
এদিকে ‘অভয়া’র আত্মাকে সম্মান জানাতে আজ রবিবার রাজ্যের প্রতিটি হাসপাতালে ২ মিনিট করে নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর । একথা একটি ভিডিও বার্তায় জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।।
