এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৩ মে : সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের পুত্র এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক সিং যাদব (৩৮) লখনউয়ের সিভিল হাসপাতালে মারা গেছেন। ফিটনেসের প্রতি গভীর আগ্রহ থাকা প্রতীক সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তাঁর স্ত্রী অপর্ণা যাদব বিজেপির একজন নেত্রী। তিনি বর্তমানে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব আছেন।
প্রতীকের মৃত্যুতে শোক প্রকাশ করে সমাজবাদী পার্টি সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছে। এতে লেখা হয়েছে, প্রতীক যাদবের মৃত্যু গভীর শোকের কারণ হয়েছে। তাঁর আত্মা শান্তিতে থাকুক।
ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরেই প্রতীক যাদবের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে, ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক। চিকিৎসকদের একটি দল প্রতীক যাদবের প্রাথমিক ময়নাতদন্ত করছে।
ময়নাতদন্তের ভিডিও ধারণ করা হচ্ছে। সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে প্রতীক যাদবকে তাঁর বাড়ির রান্নাঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরে কিছু আঘাতের চিহ্নও ছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি লখনউয়ের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে ।
কয়েক মাস আগে প্রতীক সিং যাদব তাঁর স্ত্রীর দ্বারা মানসিক হয়রানি ও মানসিক যন্ত্রণার কথা বলেছিলেন । প্রতীকের মৃত্যুর পর তার একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে তাকে বলতে শোনা যায়, “১৯ জানুয়ারী ২০২৬ তারিখে,আমার সঙ্গে আমার স্ত্রীর ভীষণ ঝামেলা হয়েছিল । যেকারণে আমি এনিয়ে ২টি পোস্ট করেছিলাম। আর আমরা দু’জন বসে ওই বিবাদের মিমাংসা করে নিই । এই বিবাদের মিমাংসা হওয়ায় যাদের #ড় ফাটছে….আমি বলছি তোমরা উচ্ছন্নে যাও৷”
