এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ নভেম্বর : বাংলাদেশে ইসলামি চরমপন্থার অন্যতম পৃষ্ঠপোষক মহম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনৈতিকভাবে সরিয়ে ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই দেশটিতে ইসলামি চরমপন্থার প্রাদুর্ভাব ঘটে বলে মনে করা হয় । বুধবার (১৮ নভেম্বর) রাত প্রায় ১১ টা নাগাদ চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত ইউনূসের পৈতৃক বাড়িতে কেউ বা কারা পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় । একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পেট্রলবোমা নিক্ষেপের পর পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। রিকশায় যাওয়ার সময় এক ব্যক্তি আগুনের দৃশ্যটি ভিডিও রেকর্ড করে । এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ জাহিদুল কবির জানান, আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছিরের বাসায় তল্লাশি চালানো হয়েছে, তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।।

