এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ এপ্রিল : রাজ্যের প্রথম দফার বিধানসভার ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে মিটে গেছে । সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে গড়ে ৯২.৮৬ শতাংশ ভোট পড়েছে ইভিএম-এ । আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোটগ্রহণ । আর ওই শেষ দফাতেই ভোট হতে চলেছে কলকাতার ভবানীপুর বিধানসভা আসনে । যে কেন্দ্রের দিকে শুধু এই রাজ্য নয়, গোটা দেশের নজর আছে । কারণ ভবানীপুর কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু বারবারই দাবি করেন যে নন্দীগ্রামের মতই ভবানীপুরেও তিনি মমতাকে হারাবেন । ফের একবার এমনই দাবি করে মমতার বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি । তার অভিযোগ যে ভবানীপুরের চারটি ওয়ার্ড ভোট লুট করার ষড়যন্ত্র করছেন মমতা। আরভ এই কাজের দায়িত্ব দেয়া হয়েছে সুব্রত বক্সি এবং ফিরহাদ হাকিমের ওপর ।
আজ শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে একটি পথসভায় শুভেন্দু বলেন,’মাননীয়া, আপনি যা যা করছেন সব খবর আমার কাছে আছে । আপনি ভোটের দিন চারটে ওয়ার্ডে কিভাবে ভোট লুট হবে, অলিতে গলিতে আপনার বাহিনী কিভাবে কাজ করবে তার তালিকা তৈরি করছেন । দায়িত্ব দিয়েছেন সুব্রত বক্সি আর ফিরহাদ হাকিমকে । আমি সব জানি । প্রত্যেকটা খবর আমার কাছে আছে ।’ এরপর তিনি মমতাকে সতর্ক করে দিয়ে তিনি বলেন,’আপনি নন্দীগ্রামে আমাকে একবার দেখেছেন । আর একবার ২৯ তারিখে ভবানীপুরে দেখবেন । গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে মানুষই জিতবে।’
গতকাল প্রথম দফায় বিপুল সংখ্যক ভোটদানের পর ফের একবার এরা যে বিজেপির ক্ষমতায় আসার বিষয়ে আত্মবিশ্বাসী দেখালো শুভেন্দু অধিকারীকে । তিনি বলেন,’আর সন্দেহ আছে বিজেপি আসছে কিনা ? ১৫২ তে তো আমি ১২৫ কাল বলেছিলাম । আজকে আর সংখ্যা বলবো না। কারণ বড় নেতা আমাদের অমিত শাহ । আধুনিক ভারতের চাণক্য । তিনি বলেছেন ১১০ এর নিচে নামছে না। তাই আগামী ১৪২ টা সিটে কমসে কম ৭০ এর উপরে বিজেপি থাকবে । আরো উপরে যাবে ।’
তিনি বলেন, আমরা তো এতদিন মুসলমানদের দল বেঁধে ভোট দিতে দেখেছি। মুসলমানদের ৯২-৯৪% ভোট পড়তে দেখেছি । এই প্রথম দেখলাম হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসেছে । ভাষার নামে, জাতের নামে বিভক্ত হয়নি । গতকাল সব সনাতনী রাষ্ট্রবাদীদের বুথে ৯০% ভোট পড়েছে ।’ তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,’এখানে কত জন আছেন আপনারা ? সনাতনী, জৈন, শিখ সমাজ ? এক লাখ পঁচিশ হাজার । ওরা আছে ৩৫ হাজার । আপনারা যদি ৯০% দিতে আসেন, এক লক্ষ ভোট পড়ে তাহলে মমতা ব্যানার্জিকে একটা দুটো ভোটে নয় ২৫০০০ ভোটে হারাবো ।’।
