শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৬ নভেম্বর : কাউকে কিছু না জানিয়েই মহিলাদের গোষ্ঠীদের ঋণের টাকা ঢুকিয়ে দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । আর ঋণের পর ঋণের সুদ কেটে নেওয়া হচ্ছে মহিলাদের অল্পসল্প জমা পুঁজি থেকে । এমনই অভিযোগ ঘিরে উতপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ ব্লকের নিমদহ অঞ্চলের ছাতনি এলাকায় । ঋণের টাকা ফিরিয়ে নেওয়া ও কেটে নেওয়া সুদের অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ শুক্রবার ছাতনিতে জীবন সাথী মহিলা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে তুমুল বিক্ষোভ দেখালেন বেশ কয়েকটি গোষ্ঠীর মহিলারা । খবর পেয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখার ম্যানেজার এসে দাবিপূরণের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।
জানা গেছে,ছাতনিতে জীবন সাথী মহিলা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে প্রায় ৪০০ টি গোষ্ঠী আছে । প্রতি গোষ্ঠীতে অন্তত এক ডজন করে মহিলা আছেন । স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক গোষ্ঠীগুলির অ্যাকাউন্টগুলিতে লেনদেন হয়৷
তার মধ্যে একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত আলিয়া বিবি নামে এক বৃদ্ধা বলেন,’আমাদের ৬ লাখ টাকা লোন চলছিল । আবার মাঝে কাউকে কিছু না জানিয়ে দু লাখ টাকা লোন ঢুকিয়ে দিয়েছিল৷ ৮ মাস পর সসম্প্রতি আমরা পাসবই পরীক্ষা করতে এসে জানতে পারি যে,লোন ঢুকিয়েছে । আমরা এই বিষয়ে জিজ্ঞেস করলে তখন ব্যাংক থেকে বলা হয় যে লোন তুলে নেবে এবং সুদও লাগবে না । কিন্তু ফের আমাদের যখন লোনের দরকার হয় তখন আমাদের বলা হয় ৩০ হাজার টাকা সুদ লাগবে। যে কারণে বাধ্য হয়ে আমাদের সেই সুদ দিতে হলো । তারপরে আমরা ৮ লাখ টাকা লোন পেলাম ।’
প্রগতি গোষ্ঠীর এক মহিলা বলেন,’আমরা ৮ লাখ টাকা লোন দিয়েছিলাম । সেটা ১২ জনের মধ্যে ভাগ করে নিয়েছিলাম । তারপরে আবার কিছু না জানিয়ে তিন লাখ ৩০ হাজার টাকা লোন ঢুকিয়ে দেয় । তার মধ্যে ১৭ হাজার টাকা সুদ কেটে নিয়েছে । কে দেবে সেই টাকা ?’
জানা গেছে, সম্প্রতি নতুন করে লোন ঢুকিয়ে দেওয়া এবং সুদ কেটে নেওয়ার কথা জানতে পারে গোষ্ঠীর মহিলারা । এতে গোষ্ঠীগুলির মধ্যে তোলপাড় পড়ে যায় । আজ শতাধিক গোষ্ঠীর মহিলারা ছাতনিতে জীবন সাথী মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । সঙ্ঘ সমবায়ের কোষাধ্যক্ষ ব্রজ পাল বলেন,’কাউকে কিছু না জানিয়ে ব্যাংক ম্যানেজার প্রত্যেকটা গোষ্ঠীর ব্যাংক একাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে । আর মহিলাদের স্থায়ী আমানত থেকে সুদের টাকা কেটে নিচ্ছে । এর আগেও একই সমস্যা হয়েছিল । আমরা ব্যাংক ম্যানেজারের কাছে গেলে উনি আমাদের প্রতিশ্রুতি দেন যে এই ধরনের সমস্যা আর হবে না। আমরা সব ঠিক করে নেব । কিন্তু তারপরেও আঠারোটা গোষ্ঠীর ব্যাংক একাউন্টে ঋণের টাকা ঢুকিয়ে দিয়েছে। এর বাইরেও পুরনো অনেক গোষ্ঠীর ব্যাংক একাউন্টে ঋণের টাকা ছেড়েছে । ফলে সুদ মেটাতে গিয়ে গোষ্ঠীর মহিলাটা নাজেহাল হয়ে যাচ্ছে । গোষ্ঠীর সদস্যরা ম্যানেজার সাহেবের কাছে গেলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না । এমনকি তাদের সাথে কথাই বলছে না ।
জানা গেছে,এদিন বেলার দিকে শতাধিক মহিলা সমবায়ের অফিসে এসে বিক্ষোভ দেখান । ব্যাঙ্কে ফোন করে ম্যানেজারকে এখানে আসতে বলা হয়। ব্রজ পাল জানান,ব্যাঙ্ক ম্যানেজার প্রতিশ্রুতি দিয়েছেন ১২-১৩ নভেম্বরের মধ্যে সমস্ত টাকা তুলে নেবেন এবং সুদ বাবদ কেটে নেওয়া টাকা ফেরত দিয়ে দেবেন ।
এই বিষয়ে ব্যাংক ম্যানেজার সুব্রত দাস বলেন, ‘একটা একাউন্টে টাকা চলে গেছে। আজকেই আমরা সেটার রিভার্স করে নিচ্ছি । সমস্যা মিটে যাবে ।’ অন্যদিকে সঙ্ঘ সমবায়ের কোষাধ্যক্ষ ব্রজ পাল হুশিয়ারি দিয়েছেন’আজকে আমরা ভেবেছিলাম যে ব্যাংক ঘেরাও করব । প্রশাসনের অনুরোধে আমরা তা বাতিল করি । কিন্তু এরপরেও যদি একই সমস্যা থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’।
