এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৯ সেপ্টেম্বর : বিশিষ্ট সাধক প্রেমানন্দ মহারাজের শিষ্য রশিক দুলারি শরণ গতকাল উত্তর প্রদেশের বৃন্দাবনে দীপক লোধি আশ্রমের ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন, রশিকের ঘরে পাওয়া জিনিসপত্র এবং সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দ্বিধায় পড়েছে।
শুক্রবার, সকাল প্রায় ১০:২৫ মিনিটে, রশিককে তার দোতলার ঘর থেকে বের হতে দেখা যায়, তার পোশাকে রক্তের দাগ ছিল। এরপর রশিক কিছুক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে থাকেন। তারপর তাকে তৃতীয় তলায়, তারপর চতুর্থ তলায় এবং সেখান থেকে ছাদে উঠতে দেখা যায়। ফুটেজে রশিককে দশ সেকেন্ডের জন্য ছাদে শুয়ে থাকতেও দেখা যায়। এরপর, সকাল প্রায় ১০:৩০ মিনিটে তিনি ভবনটির চতুর্থ তলা থেকে লাফ দেন।
পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার কারণেই যে মৃত্যু হয়েছে, তা স্পষ্ট হলেও কাপড়ে লেগে থাকা রক্ত পুলিশের মনে সন্দেহ জাগিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এটা স্পষ্ট ছিল যে রশিকের পুরুষাঙ্গ কাটা বা থেঁতলে গিয়েছিল। পুলিশ মনে করছে, কাপড়ে রক্তের দাগের কারণ এটাই হতে পারে। রশিকের ঘরে পাওয়া গ্রাইন্ডারটিও পুলিশকে ধাঁধায় ফেলেছে। পুলিশ সন্দেহ করছে যে আঘাতটি করার জন্য এটি ব্যবহার করা হয়েছিল। রশিক দুই বছর আগে প্রেমানন্দ মহারাজের শিষ্য হয়েছিলেন। বিল্ডিংয়ের ছাদ থেকে রশিকের লাফ দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।।

