এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৮ এপ্রিল : শিলিগুড়িতে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ মহম্মদ জাহাঙ্গীর ও তার স্ত্রী সাবো বেগমকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি (NJP) থানার পুলিশ। তারা ডিপো এলাকার বাসিন্দা । সোমবার রাতে স্ত্রীকে স্কুটিতে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় কাওয়াখালি এলাকা থেকে তাদের পাকড়াও করা হয় । স্কুটির ডিকিতে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । ধৃত জাহাঙ্গীর ও সাবো বেগমের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে । এই পাচারচক্রে জাল কতদূর বিস্তৃত তা জানতে ধৃত মাদক পাচারকারী দম্পতিকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পায় যে এক দম্পতি স্কুটিতে করে কিষাণগঞ্জ থেকে শিলিগুড়িতে মাদক নিয়ে আসছে।এরপরই স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ বিশ্ববাংলা শিল্পী হাটের কাছে ওঁত পেতে বসে।স্কুটিটি পৌছতেই তাদের দাঁড় করানো হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় দম্পতিকে।প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে, তারা বিহারের কিশনগঞ্জ থেকে এই মাদক সংগ্রহ করে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল । তবে শিলিগুড়ি শহরের কোন এলাকায় এবং কার কাছে এই মাদক তারা হস্তান্তর করার পরিকল্পনা করেছিল তা এখনো স্পষ্ট নয় । পুলিশ সূত্রে খবর, ধৃত দম্পতি পেশাদার অপরাধী এবং এর আগেও বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল।।
