এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ সেপ্টেম্বর : আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল যে, রাজ্য সরকারের প্রস্তাবিত ‘গুন্ডা দমন বিল’ ফিরিয়ে দিয়েছে রাষ্ট্রপতি ভবন । দাবি করা হচ্ছিল,এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত ও সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদের আইনি জটে বিধানসভায় পাশ হওয়া বিল নবান্নে ফেরত পাঠানো হয়েছে । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, ‘গুন্ডারাই টুইট করছে । গুন্ডারাই সাংবাদিক সম্মেলন করছে । আর গুন্ডা চ্যানেলেই টক শো বসেছে ।’ বিলটি রাষ্ট্রপতি ভবন থেকে ফিরিয়ে দেওয়ার দাবি উড়িয়ে দিয়ে তিনি বলেন,’রাজ্যের পাঠানো বিলটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এখনও রাষ্ট্রপতির কাছে পাঠানোই হয়নি ।’
আজ শুক্রবার বর্ধমানে সভা শেষে কলকাতায় ফিরে গিয়ে এনিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’টিভিতে দেখছিলাম যে, রাজ্যের বিতর্কিত গুন্ডাদমন বিল রাষ্ট্রপতি নাকি ফেরত পাঠিয়ে দিয়েছেন । এগুলো কে করে, কেন করে, এটা খুব আশ্চর্যজনক । আমরা বিষয়টি নিয়ে বসেছিলাম ।’ তিনি বলেন,’প্রথমতঃ, আমরা বিলটি যেখানে পাঠিয়েছি-স্বরাষ্ট্রমন্ত্রক,বিকেলের পর আমরা সেখানে যোগাযোগ করেছি ৷ সাধারণভাবে কোনো বিলে মহামহিম রাষ্ট্রপতির অনুমোদন নিতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে যেতে হয় । এই বিলের দুটো পার্ট ছিল । তার মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করা, সুদ সহ তিন গুণ টাকা আদায় করা ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে ৷ তাতে আমরা অনেকগুলো পদক্ষেপও নিয়েছি । আসানসোলের পুলিশ ফাঁড়ির হামলার ঘটনায় আদায়ও করা হয়েছে । দ্বিতীয়তঃ হচ্ছে প্রিভেন্টিং অ্যারেস্ট । বিলের কোথাও গুন্ডা বলে কোনো শব্দ নেই, ওটা সাংবাদিকদের তৈরি করা । গুন্ডারাই টুইট করছে। গুন্ডারাই সাংবাদিক সম্মেলন করছে । আর গুন্ডা চ্যানেলই টক শো বসেছে । এটাতে আমাদের কোনো আগ্রহ নেই । এই বিল আমাদের ক্ষমতার মধ্য থেকেই করেছি ।’ মুখ্যমন্ত্রী এটাও জানান যে,রাষ্ট্রপতির কাছ থেকে বিলটি অনুমোদন হয়ে আসবে,এবিষয়ে তারা আত্মবিশ্বাসী ।
উল্লেখ্য,প্রতিবেদনে দাবি করা হচ্ছিল যে,২০২৬ সালের জুন মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া ‘গুন্ডা দমন বিল’-এ সই না করে তা পুনর্বিবেচনার জন্য নবান্নে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিলটির একটি নির্দিষ্ট ধারা মাদক অপরাধের ক্ষেত্রে কেন্দ্রের ‘NDPS Act, 1985’-এর সমান্তরাল প্রতিরোধমূলক আটক ব্যবস্থা তৈরি করায় এটি সরাসরি কেন্দ্রীয় আইনের সঙ্গে সংঘাত তৈরি করেছে বলেও দাবি করা হয় । প্রতিবেদনে বলা হয়,কেন্দ্রের পাঠানো নোট অনুযায়ী, সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদ (Article 254) অনুযায়ী তৈরি হওয়া এই আইনি জটিলতার কারণেই রাষ্ট্রপতির সবুজ সংকেত না মেলায় বিলটি আপাতত আইনে পরিণত হতে পারল না।
যদিও সাংবাদিক সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর । আপনারা দয়া করে এসব চর্চা করে সময় নষ্ট করবেন না । ভালো কাজ করে সময় ব্যয় করুন এটাই আমি বলবো । গল্পের গরু গাছে তুলে লাভ নেই । যান, ভালো করে ডিনার করে ঘুমান ।’।

