এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৭ এপ্রিল : আজ সোমবার উত্তর ২৪ পরগণা ভাটপাড়া বিধানসভায় অন্তর্গত গোলঘরের জিলেপি মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রাচীন ভারতের ‘তিন স্তম্ভ–‘অঙ্গ-বঙ্গ আর কলিঙ্গ-এর গুরুত্বের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী জানান যে ‘ভারতের ভাগ্যোদয় পূর্বোদয় ছাড়া অধরা’ । পাশাপাশি তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন ‘অঙ্গ আর কলিঙ্গে পদ্মফুল(বিজেপির প্রতীক) বিকশিত হয়েছে এবারে বঙ্গের পালা ।’
প্রধানমন্ত্রী বলেন,’পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলার পাশাপাশি গোটা উত্তর পূর্ব ভারতের জন্য ভাগ্য বদলানোর নির্বাচন। অতীতে যখন ভারত সমৃদ্ধ ছিল, তখন দেশের তিনটে মজবুত স্তম্ভ ছিল । অঙ্গ-বঙ্গ আর কলিঙ্গ । অঙ্গ মানে বিহার । বঙ্গ মানে পশ্চিমবঙ্গ । আর কলিঙ্গ মানে উড়িষ্যা । এই তিনটে স্তম্ভ যদি কমজোর হতো তাহলে গোটা ভারতকে তার ঝটকা লাগত ।’ তিনি বলেন,’আজ ভারত যখন বিকশিত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে তখন অঙ্গ-বঙ্গ আর কলিঙ্গ মজবুত হওয়া খুব জরুরী । ভারতের ভাগ্যোদয় পূর্বোদয় ছাড়া অধুরা । আর ভারতের ভাগ্যোদয়ের সব থেকে বড় তাকৎ হল পূর্বোদয়ের ভাগ্য পরিবর্তন । আর এই কারনে ভারতের ভাগ্যোদয় এবং পূর্বোদয় একে অপরের পূরক শক্তি ।’
প্রধানমন্ত্রী বলেন,’আমি প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১৩ সাল থেকে বলে আসছি যে একমাত্র পূর্বোদয় হলেই দেশ এগিয়ে যাবে । বিগত দিনে অঙ্গ মানে বিহারে পদ্মফুল বিকশিত হয়েছে । কলিঙ্গ মানে উড়িষ্যায় পদ্মফুল বিকশিত হয়েছে । এখন বঙ্গ মানে বাংলার সময় এসেছে ।’
এদিন মোদী “৫ গ্যারান্টি”ও দেন৷ তিনি জানান, আগামী ৪ মে ২০২৬ তারিখের পর পশ্চিমবঙ্গে সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি সঠিক সময়ে বের হবে, মেধার ভিত্তিতে নিয়োগ হবে, রোজগার মেলার মাধ্যমে যুবসমাজকে নিয়োগপত্র দেওয়া হবে। সরকারি সমস্ত খালি পদে দ্রুত নিয়োগ করা হবে। তৃণমূলের ভয় থেকে সরকারি কর্মচারীদের মুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের সুবিধা দেওয়া হবে । তিনি বলেন,’কাশ্মীরকে ৩৭০ ধারা থেকে মুক্ত করে শ্যামাপ্রসাদজির একটি সংকল্প আমরা পূরণ করেছি। আমাদের সামনে শ্যামাপ্রসাদজির আরো একটি সংকল্প আছে, সেটি হলো পশ্চিমবঙ্গের সমৃদ্ধি।’।
