এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ এপ্রিল : মাত্র ৬ দিন পরেই রাজ্যের প্রথম দফার ভোট । তার আগে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে ৷ শুক্রবার সকাল থেকেই অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) ও আয়কর দপ্তর । ইডি যখন বেশ কয়েকটি রিয়্যাল এস্টেট সংস্থার ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে,পাশাপাশি অন্যদিকে তখন আয়কর বিভাগ হানা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা ও রাসবিহারী আসনের প্রার্থী দেবাশিস কুমারের বাসভবন ও নির্বাচনী কার্যালয়ে ।
সকালে আয়কর বিভাগের একটি দল পৌঁছে যায় রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিসের মনোহরপুকুর রোডের বাড়িতে। শুধু বাড়ি নয়, মনোহরপুকুর রোডে তাঁর নির্বাচনী কার্যালয়েও হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। পাশাপাশি, মতিলাল নেহরু রোডে দেবাশিসের একটি কার্যালয় রয়েছে। সেখানেও হানা দেন আয়কর আধিকারিকেরা। তবে শুধু আয়কর দপ্তরই নয়, ইডির র্যাডারেও রয়েছেন তৃণমূল প্রার্থী দেবাশিস। সম্প্রতি জমি সংক্রান্ত এক মামলায় তাঁকে তিন বার তলব করা হয়েছিল।
পাশাপাশি অন্যদিকে আজ সকাল থেকেই সল্টলেক-সহ একাধিক জায়গায় একটি রিয়্যাল এস্টেট সংস্থার ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি । সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী । আর্থিক তছরুপ মামলাতেই এই তল্লাশি অভিযান বলে খবর পাওয়া গেছে । ভোটের মুখে বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে এবং জমি সংক্রান্ত কিছু বিষয়ে লেনদেনের তথ্যতল্লাশে এই অভিযান বলে জানা গেছে ।।

