এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছে রাজ্যের বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেস । টিএমসির অভিযোগ যে বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে কোথাও বুথ ভাঙচুর এবং কোথাও কর্মীদের বেধড়ক মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী । আউশগ্রাম ২ ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে ওই তিনটে বুথে ভোট গ্রহণ চলাকালীন ইনতাজ আলী ওরফে ভোলা নামে এক তৃণমূল কর্মীকে বেদম পেটানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে । এছাড়া, ভাতার বিধানসভা কেন্দ্রের স্বর্ণচালিদা গ্রামে ১৫৪ এবং ১৫৫ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন তৃণমূলের বুথ ক্যাম্প ভাঙচুর করে তুলে দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে ।
আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালনের অভিযোগ,’গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে ৯ নম্বর বুথে নির্বাচন কর্মীদের জল দেওয়ার জন্য যাচ্ছিলেন ইনতাজ আলী ওরফে ভোলা নামে স্থানীয় বাসিন্দা। ভাষা সমস্যার জন্য তাঁর উপর বেধড়ক লাঠিচার্জ করা হয়েছে।’ তার আরও অভিযোগ,’গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নম্বর বুথের সামনে স্থানীয় কয়েকজন বাসিন্দার উপর বেধড়ক লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ‘
অন্যদিকে ভাতারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু কোঁয়ারের অভিযোগ,’স্বর্ণচালিদা গ্রামে ১০০ মিটারের বেশি দূরেই আমাদের বুথ ক্যাম্প করা হয়েছিল । কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে আমাদের বুথ ক্যাম্প ভাঙচুর করে তুলে দেয় ।’ তার আরও অভিযোগ,’শুধু স্ফর্ণচালিদা গ্রামেই নয়, ভাতারের হাড়গ্রামে ২০৮ এবং ২১০ নম্বর বুথের আমাদের দলের বুথ ক্যাম্পের উপর কেন্দ্রীয় বাহিনী রীতিমতো হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে ।’।
