এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৮ নভেম্বর : কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল । অভিযোগ, স্কুল ও টিউশন যাতায়তের পথে ওই দুই কিশোরীর পিছু নিত করিমুল হক নামে স্থানীয় একটি পোল্ট্রি মুরগি মাংসের দোকানের এক কর্মচারী । কিশোরীদের সে অশ্রাব্য ভাষায় কথা বলত । মঙ্গলবার এক ছাত্রীর সঙ্গে একই প্রচার আচরণ করলে ক্ষিপ্ত লোকজন ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিতে উদ্যোগী হয় । সেই সময় দোকান মালিক সোলেমান আলি তাকে পালাতে সাহায্য করে বলে অভিযোগ । পুলিশ দোকান মালিককে গ্রেপ্তার করেছে । তবে মূল অভিযুক্ত করিমুল হক পলাতক । পুলিশ তাকে খুঁজছে ।
জানা গেছে,একই এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে একাই টিউশন পড়তে যাচ্ছিল । সেই সময় করিমুল হক তার পথ আটকায় বলে অভিযোগ । মেয়েটির কাছে ঘটনার কথা শোনার পর স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিতে উদ্যোগী হয় । কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে মাংসের দোকানের মালিক সোলেমান আলি তাকে পালাতে সাহায্য করে বলে অভিযোগ । বিষয়টি ঘিরে উত্তেজনার সৃষ্টি হলে পুন্ডিবাড়ি থানার পুলিশ গিয়ে সোলেমান আলিকে পাকড়াও করে নিয়ে আসে ।
ভুক্তভোগী মেয়েটি জানিয়েছে,করিমুল হকের জন্য তারা সর্বদা চরম আতঙ্কের মধ্যে থাকে । ঘটনার পর কিশোরীর পরিবার পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবারের দাবি, দুই কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মূল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।।
