এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১২ নভেম্বর : শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নাগরিক বনে যাওয়া বাংলাদেশিকে গ্রেপ্তার করল দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম ইমরান হোসেন শরীফ। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার নিয়ামতপুর এলাকায় । গ্রেপ্তার করা হয়েছে ওই বাংলাদেশির শ্বশুর উস্তি থানার জগদীশ নগরের বাসিন্দা পিয়ার আলি মোল্লাকেও । ধৃত দু’জনকেই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়।।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় আট বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রথমে কাকদ্বীপ এলাকায় এসেছিলো ওই বাংলাদেশী যুবক । তারপর
উস্তি থানার জগদীশ নগরের পিয়ার আলি মোল্লার মেয়েকে বিয়ে করে। ভুয়ো নথি বানিয়ে শ্বশুরকে বাবা সাজিয়ে ইমরান হোসেন শরীফ থেকে ইমরান হোসেন মোল্লা বনে যায় । তারপর ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলে সে । এমনকি ওই সমস্ত নথিপত্র দেখিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজের সন্ধানও করতে শুরু করে ।
জানা গেছে,সম্প্রতি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ডায়মন্ড হারবারে ডিআইবি অফিসে ওই বাংলাদেশি । আধিকারকা তার নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে জানতে পারে ইমরান হোসেন মোল্লার বাবার নাম পিয়ার আলি মোল্লা। আবার তাঁর স্ত্রীর বাবার নামও পিয়ার আলি মোল্লা। তখনই সন্দেহ হয় ডিআইবি অফিসের আধিকারিকদের । শেষে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে, আসলে ওই যুবক একজন বাংলাদেশি। পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ পাশাপাশি একজন অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়া ও জাল নথিপত্র তৈরিতে সাহায্য করার অভিযোগে শ্বশুর পিয়ার আলি মোল্লাকেও গ্রেপ্তার করা হয় ।।
