দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ৮ বছরের শিশুকন্যার যৌন নিগ্রহের ঘটনায় সচেতনতামূলক গান গাইলেন বাউল শিল্পী স্বপন দত্ত । আজ বৃহস্পতিবার ভাতার বাজারের বাসস্ট্যান্ডে গাওয়া নিজের গানের মধ্য দিয়ে নারী নির্যাতন রুখতে প্রশাসনিক কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি । শিল্পীর এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা ।
উল্লেখ্য,কালীপুজোর মধ্যেই পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার একটি গ্রামে এক ৮ বছরের শিশুকন্যাকে মন্দিরের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে । গ্রামবাসীরা অভিযুক্ত বছর ছাব্বিশের যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরিবারের পক্ষ থেকে রাণা মণ্ডল নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে । বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে ।
এর আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১২ বছর ৮ মাস বয়সী মেয়ের ধর্ষণ ও খুনকাণ্ডে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করে পুলিশ । মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল এবং অভিযুক্ত তার আত্মীয় হত বলে জানা গেছে । রাজ্যে পালাবদলের পর একই প্রকার ঘটনায় প্রথম এনকাউন্টারের ঘটনা ঘটে গত জুলাই মাসে বারুইপুরের সূর্যপুরে । কিন্তু তারপরেও এরাজ্যে নারী নির্যাতনের উপর লাগাম পড়ছে না ।।
