আগামী কয়েক দশক ধরে ভারত প্রধানত হিন্দু-অধ্যুষিত থাকবে, কিন্তু এর ধর্মীয় গঠনে ধীরে ধীরে পরিবর্তন আসবে বলে অনুমান করছে পিউ রিসার্চ সেন্টার । সংস্থাটির একটি নতুন সমীক্ষা, যা ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনসংখ্যার পূর্বাভাস দিয়েছে, তাতে অনুমান করা হয়েছে যে ততদিনে ভারতের জনসংখ্যার ৭৬% হবে হিন্দু, যা ২০২০ সালের ৭৯% থেকে কম। অন্যদিকে, মুসলিমদের অংশ ১৫% থেকে বেড়ে ২০% হবে। এই পরিবর্তনের মূল কারণ হলো বয়স এবং প্রজনন ক্ষমতার পার্থক্য: ভারতীয় মুসলিমরা হিন্দুদের চেয়ে বয়সে তরুণ এবং গড়ে তাদের সন্তানের সংখ্যাও বেশি।
পিউ-এর এই পূর্বাভাস ভারতকে দক্ষিণ এশিয়া জুড়ে একটি বৃহত্তর জনসংখ্যাগত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছে।ধারণা করা হচ্ছে, পাকিস্তান বিশ্বের বৃহত্তম মুসলিম-সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে এবং ভারত দ্বিতীয় স্থানে উঠে আসবে। বাংলাদেশেও মুসলিম জনসংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে বলে অনুমান করা হচ্ছে।
এই সমীক্ষাটি ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের উপর ভিত্তি করে আগামী ৫০ বছরের জন্য বিশ্বের ধর্মীয় বিন্যাসের পূর্বাভাস দিয়েছে, যা কার্যত সমগ্র বিশ্ব জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে। সাম্প্রতিক জনসংখ্যাতাত্ত্বিক প্রবণতা অব্যাহত থাকবে ধরে নিয়ে, এই গবেষণাটি ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর গতিবিধি পর্যবেক্ষণ করে। আদমশুমারি ও জরিপের তথ্য ব্যবহার করে, এটি ২০২০ সালে প্রতিটি গোষ্ঠীর আকার ও বয়স-কাঠামো নির্ধারণ করে এবং জন্মহার ও ধর্ম পরিবর্তনের পার্থক্যগুলোও বিবেচনায় নেয়।
এই গবেষণার ফলাফল ভারতকে পরিবর্তনশীল বৈশ্বিক ধর্মীয় প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছে। ২০৭০ সালের মধ্যে প্রায় ৩৩৪ মিলিয়ন মুসলিম নিয়ে দেশটি পাকিস্তানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক ৪৬১ মিলিয়ন মুসলিম জনসংখ্যা নিয়ে পাকিস্তান নিজেই ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে।
তবুও, ভারতের পরিবর্তনশীল ধর্মীয় গঠন নিয়ে মাঝে মাঝে যে নাটকীয় আখ্যানগুলো প্রচলিত আছে, এই পূর্বাভাসগুলো সেগুলোকে খুব কমই সমর্থন করে।প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান জনসংখ্যাতাত্ত্বিক প্রবণতা অব্যাহত থাকলে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে দেশের হিন্দু জনসংখ্যা ১৭৬ মিলিয়ন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দেশের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি এই হিন্দুরাই থাকবে।
ভারতের সামগ্রিক প্রজনন হার তীব্রভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও, মুসলিম নারীরা এখনও গড়ে হিন্দু নারীদের চেয়ে বেশি সন্তানের জন্ম দেন। পিউ এই পরিবর্তনের প্রধান কারণ হিসেবে জনসংখ্যাতাত্ত্বিক গতিকে দায়ী করেছে।২০২০ সালে ভারতীয় মুসলিমদের গড় বয়স ছিল ২৪ বছর, যেখানে হিন্দুদের গড় বয়স ছিল ২৯ বছর।পিউ-এর অনুমান অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মুসলিম নারীরা গড়ে ২.৩টি সন্তানের জন্ম দেবেন, যেখানে হিন্দু নারীরা দেবেন ১.৮টি।
পিউ রিসার্চ সেন্টারের স্টেফানি ক্রেমার বিবিসি-কে বলেন, “আমরা আশা করি, ভারতে ধর্মীয় পরিবর্তন প্রায় সম্পূর্ণরূপে হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘস্থায়ী জনসংখ্যাগত পার্থক্যের দ্বারা চালিত হবে: মুসলিমরা বয়সে তরুণ এবং তাদের জন্মহার বেশি।”তিনি বলেন,”প্রজনন ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে – ১৯৯২ সালে যেখানে প্রতি নারীর জন্য একটির বেশি সন্তান ছিল, সাম্প্রতিক বছরগুলোতে তা কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে এবং এটি আরও কমতে থাকার সম্ভাবনা রয়েছে ।”
তিনি বলেন,”কিন্তু হিন্দুদের প্রজনন হার ইতিমধ্যেই প্রতিস্থাপন স্তরের নিচে, যেখানে মুসলিমদের প্রজনন হার আগামী দুই দশক ধরে এর উপরেই থাকবে বলে অনুমান করা হচ্ছে।” (প্রতিস্থাপন স্তর হলো এমন একটি স্তর যেখানে একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য নতুন জন্মই যথেষ্ট।)
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় জনসংখ্যাবিদ কে এস জেমস বলেন, এই পূর্বাভাসগুলো মোটেও আশ্চর্যজনক নয়।তিনি বিবিসিকে বলেন,”মুসলিম ও হিন্দুদের মধ্যে প্রজনন ব্যবধান সুপ্রতিষ্ঠিত এবং এর অর্থ হলো আগামী কয়েক দশক ধরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুততর থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই প্রজনন হার কমছে এবং এই ব্যবধান আরও কমবে বলে আশা করা হচ্ছে ।”
খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম
বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। ২০৩৫ সালের মধ্যেই এ পরিবর্তন ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির নতুন এক গবেষণায় বলা হয়েছে যে ইসলাম ও খ্রিষ্টধর্ম, এই দুই ধর্মের অনুসারীর সংখ্যাই আগামী কয়েক দশকে বাড়বে। তবে মুসলিম জনসংখ্যা বাড়বে তুলনামূলক দ্রুত গতিতে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করেছে পিউ। ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে তৈরি এ গবেষণায় বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ অন্তর্ভুক্ত হয়েছে। এতে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধসহ সাতটি ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে।
গবেষণাটি পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ। বিশ্বজুড়ে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের লক্ষ্য।
তবে গবেষণার ফলাফলকে ভবিষ্যতের সব পরিবর্তনের চূড়ান্ত পূর্বাভাস হিসেবে না দেখার বিষয়ে সতর্ক করেছে পিউ। সংস্থাটি বলেছে, আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের মতো বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্য ধর্মীয় গোষ্ঠীগুলোর তুলনায় বেশি। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এটিকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে পিউ।
গবেষণা অনুযায়ী, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ সন্তান জন্মদানের হার খ্রিষ্টান নারীদের; গড়ে ২ দশমিক ৫টি। সাধারণত কোনো জনগোষ্ঠীর জনসংখ্যা আগের প্রজন্মের সমান রাখতে নারীপ্রতি প্রায় ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।
পিউর হিসাবে, জনসংখ্যার স্বাভাবিক পরিবর্তনের কারণে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনগোষ্ঠীতে ১৬০ কোটি পর্যন্ত মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীতে যুক্ত হতে পারে ৭৯ কোটি ২০ লাখ মানুষ।
সংস্থাটি বলছে, বিশ্বে সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে। তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির গতি হবে বেশি।
ধর্মান্তরের কারণে কতটা পরিবর্তন?
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ধর্মত্যাগ ও ধর্মান্তরের হিসাবও বিশ্লেষণ করেছে পিউ। এতে দেখা গেছে, ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়া বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে মুসলিম জনগোষ্ঠীর যে ক্ষতি হবে, খ্রিষ্টানদের ক্ষেত্রে তা অনেক বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাভাসের সময়কালে ইসলাম গ্রহণকারীর তুলনায় ইসলাম ত্যাগকারীর সংখ্যা বেশি হওয়ায় মুসলিম জনগোষ্ঠীর নিট ক্ষতি হতে পারে ৮০ লাখ। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ সংখ্যা দাঁড়াতে পারে ১০ কোটি ৫০ লাখে।
খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের অনেকে পরবর্তী সময়ে কোনো ধর্মের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেবেন না। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও রয়েছেন।
তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে খ্রিষ্টানদের ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণকে প্রধান কারণ হিসেবে দেখছে না পিউ। গবেষণা অনুযায়ী, ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর তুলনায় সামান্য বেশি হতে পারে।
কোন দেশগুলোতে বাড়বে মুসলিম জনসংখ্যা?
পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশ ও অঞ্চলে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠী ছিলেন। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরও ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। এটি বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।
উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেছে গবেষণা সংস্থাটি। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান।
২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমরা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারেন।
অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধিও মূলত সেই ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ। এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।।
