এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৭ অক্টোবর : লিজ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গুয়াহাটির হোটেল মালিক ও তার পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে । সোমবার (২৭ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটেছে গুয়াহাটির বোরা সার্ভিস এলাকায়, হোটেল বিলাস ইন-এ । অভিযুক্ত হলেন হোটেলের ইজারাদার ঘনকান্ত গগৈ। ঘটনার এক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাইসেন্স পয়েন্ট ৩২-বোরের পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের মতে, নিহতদের মধ্যে ছিলেন হোটেলের মালিক হেলেনা ভারালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, তাঁর স্ত্রী রিনিকী কাশ্যপ, তাঁর ভাই ভূদেব ভারালি এবং চালক নারায়ণ দাস। পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন হোটেলের মালিকের পরিবারের সদস্য এবং পঞ্চমজন ছিলেন তাঁদের গ্রামের বাসিন্দা। ৪২ বছর বয়সী সত্যেন্দ্র পাঠক নামের একজন গুলিবিদ্ধ হন এবং তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
পুলিশ কমিশনার মহান্তা বলেন,’সোমবার রাত ৯টার দিকে গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার হোটেল বিলাস ইনে গোলাগুলির একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ছয়জন গুলিবিদ্ধ হন এবং দুর্ভাগ্যবশত, তাদের মধ্যে পাঁচজন মারা যান। একজন চিকিৎসাধীন আছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে ।’ তিনি আরও বলেন,’ঘটনায় ব্যবহৃত অস্ত্র, একটি ৩২-বোরের লাইসেন্স করা পিস্তল,সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে হোটেলের ইজারা চুক্তি সংক্রান্ত সম্পত্তি বিরোধের জেরেই এই ঘটনার সূত্রপাত।’।

