এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,২৭ অক্টোবর : রাজ্যে ফের পুলিশি ‘এনকাউন্টারে’ মৃত্যু ! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এক কিশোরীকে যৌন নির্যাতনের পর হত্যায় প্রহ্লাদ দাস নামে এক অভিযুক্তকে এনকাউন্টার করে মেরেছে পুলিশ । পুলিশের দাবি, আজ মঙ্গলবার ভোররাতে পুণর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে প্রহ্লাদ গুলি চালায়৷ আত্মরক্ষায় পুলিশ পাল্টা পাল্টা গুলি চালালে সে গুলিবিদ্ধ হয় । এরপর তাকে বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে দাবি পুলিশের ।
গত রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সকালে গাইঘাটায় প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় একাদশ শ্রেণির এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তাকে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে। ঘটনায় রবিবারই ওই পরিবারের আত্মীয় প্রহ্লাদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, আজ ভোর রাতে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল । পুনর্নির্মাণ শেষে পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি চালান প্রহ্লাদ। ঘটনায় এক পুলিশকর্মী জখম হন। সেই সময়ে আত্মরক্ষায় পুলিশের পাল্টা গুলিতে জখম হন অভিযুক্তও। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের দাবি,অভিযুক্ত যুবক তিন রাউন্ড গুলি চালিয়েছিল এবং তখন আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি চালানো হয় ।
এর আগে গত জুলাইয়ে বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলেরও মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। সে সময়েও গভীর রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য গিয়েছিল পুলিশ। সেখানেও পুলিশের তরফে দাবি করা হয়, অভিযুক্ত পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থে পাল্টা গুলিতে মৃত্যু হয়েছিল অভিযুক্তের ।
এরপর আজ ফের উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ঠিক একই ভাবে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু হল । অভিযুক্তের মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছে নিহতের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ।।
