এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ মে : ইভিএম (EVM) নিয়ে গুজব ছড়ানো এবং প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে ‘বাংলা পক্ষ’-এর প্রধান গর্গ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার সেল । বিধানসভার ভোটের আবহে তার বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,২০১৭ সালের ২৫ ডিসেম্বর ‘বাংলা পক্ষ’ গঠন করেন গর্গ। এটিকে মূলত তৃণমূল কংগ্রেসের ছায়া সংগঠন বলেই মনে করা হয় । সংগঠনটির বিরুদ্ধে বাঙালি অস্মিতাকে সামনে রেখে হিন্দি ভাষা ও হিন্দি বলয়ের সাংস্কৃতিক আধিপত্যের বিরোধিতার নামে প্রাদেশিকতার বিষ ছড়ানোর অভিযোগ উঠছিল । এবারের বিধানসভার নির্বাচনে তৃণমূলের হয়ে পরক্ষে প্রচারের অভিযোগও ওঠে । এমনকি তিনি তৃণমূল বিরোধী ভোটারদের বিজেপি-কে ভোট না দিয়ে বামপন্থী দলকে ভোট দেওয়ার আহ্বান জানান । শেষমেশ তৃণমূলের ‘সম্ভাব্য পরাজয় নিয়ে উদ্বিগ্ন’ গর্গ চ্যাটার্জি নির্বাচন কমিশনের ভূমিকা ও ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন । তিনি অভিযোগ করেছিলেন, রাতে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় ইভিএম খারাপ হচ্ছে কেন? শুধু তাই নয়,’বেলার দিকে কমিশনের বিশেষ পরিকল্পনা রয়েছে’ বলেও তিনি মন্তব্য করেন।
এই ধরনের বক্তব্য ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা নষ্ট করতে পারে বলে মনে করে কমিশন। এই কারনে গর্গের বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। কমিশনের সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হল আজ । আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে ।।
