এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ মে : আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ ধৃতদের মঙ্গলকোটের কল্যানপুর গ্রামের বাসিন্দা শেখ মকবুল,কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গার রহমত শেখ এবং কেতুগ্রামের খাজি গ্রামের বাসিন্দা ফুলবাবু শেখ হিসাবে চিহ্নিত করেছে । ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের মধ্যে শেখ মকবুল হলেন মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখের ভাইপো। তাঁর বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল। পুলিশ তাঁর বিছানার তলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। বাকি দুজনেরও দাগি অপরাধী হিসাবে পুলিশের খাতায় নাম রয়েছে ।
জানা গেছে,সোমবার রাতে কাটোয়া মহকুমা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করে কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন মঙ্গলকোট, কাটোয়া ও কেতুগ্রাম থেকে ওই ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় । তিনজনের কাছে থেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র মোট ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে । আজ মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের দুই দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।।
