পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১২ মে : জানালার কাঁচ ভাঙার সন্দেহে ২ কিশোরকে বেধরক মারধরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার পুর্বস্থলীর এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে । গুরুতর আহত আকাশ জেলে ও ইরফান শেখ নামে ওই দুই কিশোর বর্তমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । সোমবার বিকেলের এই ঘটনার পর অভিযুক্ত শিক্ষক দম্পতি সন্দীপ ভট্টাচার্য ওরফে বাপি ও তাঁর স্ত্রী রানু ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত কিশোরদের পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,পূর্বস্থলীর বৈদিক পাড়ায় বাড়ি সন্দীপ ভট্টাচার্য ও রানু ভট্টাচার্যদের । তারা দু’জনেই স্কুল শিক্ষক । ঘটনাটি ঘটে বুধবার বিকেলে ৷ দম্পতি বাড়িতে ছিলেন না সেই সময় । বিকেল প্রায় চারটে নাগাদ তারা বাড়ি ফেরেন । তখন দম্পতির নজরে পড়ে একটা জানালার কাঁচ কেউ বা কারা ভেঙে দিয়েছে । এই দেখে দম্পতি বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন । তখন তারা দেখেন যে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে পার্শ্ববর্তী পন্ডপ পাড়ার বাসিন্দা আকাশ জেলে ও ইরফান শেখ নামে ওই দুই কিশোর ।
ইরফান শেখের বাবা গদা শেখ বলেন,’কিছু পরে সন্দীপ ভট্টাচার্য আমায় ডেকে বলে যে আমার ছেলে আর তার বন্ধু মিলে তাদের জানালার কাঁচ ভেঙে দিয়েছে । কিন্তু আমি বিশ্বাস করিনি । তখন শিক্ষক আমাকে সিসিটিভি ফুটেজ দেখান । ফুটেজে দেখি আমার ছেলে ও তার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে । কিন্তু কাঁচ ভাঙার কোনো ফুটেজ দেখাতে পারেননি ওরা । তবুও আমি ক্ষতিপূরণ দিতে রাজি হই । কিন্তু ওরা ক্ষতিপূরণ নেবে না বলে কাউকে দিয়ে ছেলে দুটোকে ওদের কাছে পাঠাতে বলে । এরপর আমার বৃদ্ধা মায়ের সাথে ছেলেদুটেকে শিক্ষকদের বাড়িতে পাঠাই । কিন্তু ছেলে দুটোকে ওই দম্পতি নির্মমভাবে মারধর করে ।’
জানা গেছে,গদা শেখের বৃদ্ধা মা আকাশ জেলে ও ইরফান শেখকে সাথে নিয়ে শিক্ষক দম্পতির বাড়িতে যান । সেই সময় সন্দীপ ভট্টাচার্য ওরফে বাপি ও তাঁর স্ত্রী রানু ভট্টাচার্য প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং দুই কিশোরকে তারা এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ । শুধু তাইই নয়,রানু ভট্টাচার্যের বিরুদ্ধে আকাশকে ফেলে তার বুকে পা দিয়ে দাঁড়ান বলেও অভিযোগ তুলেছেন আকাশের মা মীরাদেবী ।
জানা গেছে,শিক্ষক দম্পতির এই প্রকার হিংসাত্মক রূপ দেখে গদা শেখের মা “ছেলে দুটো কে বাঁচাও গো” বলে চিৎকার করতে শুরু করেন । বেগতিক বুঝে দুই কিশোরকে ছেড়ে দেন শিক্ষক দম্পতি । মারধরের জেরে ইরফান শেখের মাথায় ও আকাশ জেলের ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে । তাদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে ইরফানকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।
জানা গেছে,আকাশ জেলের বাবা মারা গেছেন । ছেলেকে বাপের বাড়ি পূর্বস্থলীতে বৃদ্ধাকে মায়ের কাছে রেখে সল্টলেকে পরিচারিকার কাজ করেন মীরাদেবী । ছেলেকে মারধরের খবর শুনে তিনি পূর্বস্থলীতে ছুটে আসেন। মীরাদেবী বলেন,’এ কেমন শিক্ষক ? নিছক সন্দেহের বশে দুই শিশুকে কিভাবে এমন অত্যাচার করতে পারলেন ওনারা ?’ তিনি শিক্ষক দম্পতির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন । যদিও অভিযোগ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সন্দীপ ভট্টাচার্য বা তাঁর স্ত্রী রানু ভট্টাচার্যের ।।
