এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ আগস্ট : সেই ২০০৭ সালে সিপিএম কার্যত তাড়িয়ে দিয়েছিল । পরে মমতা ব্যানার্জিও অঘোষিত ‘নো এন্ট্রি’ করে দেয় । দীর্ঘ ১৯ টা বছর পশ্চিমবঙ্গে আসতে পারেননি নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন । অবশেষে রাজ্যে পালাবদল হতেই প্রথম অনুষ্ঠান করলেন তিনি । আজ বুধবার স্মরণীয় সফর শেষ করে কলকাতা ছাড়লেন তসলিমা । মানুষের ভালোবাসায় আপ্লুত তিনি ফের কলকাতায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন । পাশাপাশি নিজের জন্মভূমিতে ফেরার বিষয় নিয়ে তাঁর কণ্ঠে ঝরে পড়েছে গভীর আক্ষেপ । তিনি বলেন,’৩২ বছর আমি নির্বাসনে আছি। অবশ্যই ফিরতে চাই। কিন্তু, ফিরতে দেওয়া হয় না আমায় । আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। এছাড়া আমার যে সুইডিশ পাসপোর্ট আছে, ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনও বৈধ নথি নেই যাওয়ার।”
তাহলে কি ভারতেই থাকবেন? তসলিমা জানান, পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে আপাতত তিনি ভারতেই থাকবেন। সেই সাথে কলকাতার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসায় মুগ্ধ লেখিকা বলেন, ‘খুবই ভালো স্মৃতি। মানুষের যে ভালোবাসা বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি তাতে আমার চোখে জল চলে এসে গেছে ।’ তিনি এও জানান,তবে দুর্গাপুজোয় ভিন দেশে থাকার কারনে আসতে না পারলেও আগামী অক্টোবর মাস কিংবা ২০২৭ সালের জানুয়ারি মাসে কলকাতা বইমেলায় তিনি ফের এই শহরে আসতে চান । তসলিমা বলেন, ‘কলকাতা যখনই ডাকবে আমি ছুটে আসব ।’।
