এইদিন স্পোর্টস নিউজ,১১ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে বিজেপির ৪ নম্বর মন্ডলের যুবমোর্চার উদ্যোগে আয়োজিত ‘মোদী কাপ’ মহিলা ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলাটি আয়োজিত হল আজ রবিবার ৷ গলিগ্রাম হাইস্কুল ময়দানে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় ভাতার থানার এরুয়ার উদয়াঞ্চল ক্লাব ও বীরভূমের বাহিরী ফুটবল একাডেমী । ম্যাচে জয়ী হয় এরুয়ার ।
দলের ‘সেবা সংকল্প অভিযান’ উপলক্ষে আউশগ্রামে বিজেপির ৪ নম্বর মন্ডলের যুবমোর্চার উদ্যোগে আজ রবিবার ‘মোদী কাপ’ মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় । যুব মোর্চা সভাপতি চন্দন মন্ডলের পরিচালনায় গলিগ্রাম হাইস্কুল ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করে । ফাইনালে ওঠে ভাতার থানার এরুয়া উদয়াঞ্চল ক্লাব ও বীরভূমের বাহিরী ফুটবল একাডেমী । দেড় ঘন্টার এই খেলায় দুই অর্ধ গোলশূন্য ভাবে শেষ হয় । ম্যাচ গড়ায় ট্রাই ব্রেকারে । শেষ পর্যন্ত ট্রাই ব্রেকারে বিজয়ী হয় এরুয়ার উদয়াঞ্চল ক্লাব । ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন এরুয়ারের সাবিনা খাতুন ।
এদিনের মহিলাদের ফুটবল ঘিরে গলিগ্রাম হাইস্কুল ময়দানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সঙ্গীতানুষ্ঠান ও আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন বিধায়ক তথা আবাসন প্রতিমন্ত্রী কলিতা মাঝি, বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ মিশ্র ও অভিজিৎ ঘোষ,মন্ডল সভাপতি সুদীপ্ত মুখার্জি, মন্ডল সাধারণ সম্পাদক রাজু দাস ও সনাতন মন্ডল। ম্যাচ শুরুর আগে সকলে মাঠের মধ্যে উপস্থিত হয়ে জাতীয় সঙ্গীত গান । দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।।

