এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ জুন : বাংলাদেশে পাথর রপ্তানি করার নামে লড়িতে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার হচ্ছিল মঙ্গলবার । গোপন সূত্রে খবর পেয়ে মহদিপুর সীমান্তে লরিটি আটক করে বিএসএফ । তারপর বিএসএফ এবং কাস্টমস যৌথভাবে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২২ হাজার ৮০০ বোতল ফেন্সিডিল সিরাপ। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা । পুলিশ লরিটি আটক করে চালককে গ্রেপ্তার করে । আর চালককে জেরা করতেই সামনে আসে ইংরেজ বাজারের তৃণমূল নেতা মারুফ শেখের নাম ।
জানা গেছে,মারুফ শেখ তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। সে মহদীপুর সীমান্তে ক্লিয়ারেন্স এজেন্টের দায়িত্বেও রয়েছে । আর এই সুযোগ কাজে লাগিয়ে মারুফ শেখ দীর্ঘদিন ধরে মাদক পাচারের কাজ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তৃণমূল ক্ষমতায় থাকায় তারা এতদিন ভয়ে মুখ খুলতে পারতেন না । তারা মারুফ শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষের অভিযোগ, মারুফ শেখ দীর্ঘদিন ধরেই এই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে । তার ফলে সীমান্তে রপ্তানি কারকরা সমস্যায় পড়ছেন। তৃণমূলের সরকার থাকায় ভয়ে তারা মুখ খুলতে পারতেন না। এখন এই মারুফ শেখের কঠোর শাস্তি দাবী জানাচ্ছেন তারা।যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি ।।
